মেসিবিহীন আর্জেন্টিনাকে রুখে দিয়েছে ভেনেজুয়েলা

500রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে হোঁচট খেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবেসিলেস্তরা। এদিন ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় খেলতে পারেননি পাওলো দিবালাও। 

দলের দুই সেরা তারকাকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্ব দেন এরিক লামেলা, এভার বানেগা আর প্রাতো। খেলার ৩৫ মিনিটের মাথায় গোল করে বসে ভেনেজুয়েলা। রোনদনের ক্রস থেকে দুর্দান্ত গোল করেন হুয়ান পাবলো অ্যাকোস্টা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ভেনেজুয়েলা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টাইনরা। উল্টো ৫৩ মিনিটে দ্বিতীয়বারের মতো লজ্জায় পড়তে হয় আর্জেন্টিনাকে। রোনদনের দারুণ অ্যাসিস্ট থেকে ভেনেজুয়েলাকে দ্বিতীয়বারের মতো লিড পাইয়ে দেন আলেকজান্ডার মার্টিনেজ । খেলার ৫৮তম মিনিটে ব্যবধান কমান আর্জেন্টিনার প্রাতো। ৮৩ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। ওটামেন্ডির গোলে ম্যাচে ফিরে বাউজার শিষ্যরা। এটি ওটামেন্ডির আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় গোল।

ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।বাছাইপর্বের অষ্টম ম্যাচ শেষে আর্জেন্টাইনদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ১৫। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৬।

/এমআর/