অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের দায়িত্ব নিলো বাফুফে

অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের দায়িত্ব নিলো বাফুফে অনূর্ধ্ব-১৬ নারী দলের ৯ সদস্যের বাড়ি ফেরার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে জাতীয় দলের ২৩ সদস্যকে নিজ তত্ত্বাধানে রাখছে বাফুফে।

মূলত গত ৭ সেপ্টেম্বর বাফুফে ভবন থেকে গ্রামের বাড়ি ফেরার সময় ময়মনসিংহের কলসিন্দুরের ৯ সদস্যকে লোকাল বাসে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। পরবর্তীতে এ নিয়ে বাফুফের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

সেই লক্ষ্যেই কাল শুক্রবার থেকে বাফুফে ভবনে শুরু হতে যাওয়া ক্যাম্পে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের নিজ দায়িত্বে ফেরাচ্ছে বাফুফে।  কারণ এবার এ বিষয়টিতে কোনও ঝুঁকি নিতে নারাজ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমরা খেলোয়াড়দের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা করেছি, তারা এবার একা আসবে না। সঙ্গে তাদের অভিভাবক বা তাদের প্রতিনিধি থাকবে। আমরা এ সংক্রান্ত ব্যয় বহন করবো।’ বাফুফের টনক নড়ায় দারুণ খুশি অনূর্ধ্ব-১৬ দলের গোলরক্ষক তাসলিমা, ‘আমরা কাল সকালে ঢাকা রওয়ানা দেবো। বাফুফেই আমাদের নিয়ে যাচ্ছে, শুনেছি মফিজ স্যার আমাদের সঙ্গে যাবেন। স্যার থাকলে আর কোনও সমস্যা হবে না।’

আর আগামী বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আট জাতি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে কাল থেকেই ক্যাম্প শুরু করছে বাফুফে।

প্রসঙ্গত, কলসিন্দুরের নয় জন মেয়ে জাতীয় দলের অপরিহার্য সদস্য। এরা হলেন- সানজিদা, মারজিয়া, মারিয়া, তহুরা, শিউলি আজিম, তাসলিমা, সামসুন্নরাহার, মাহমুদা, নাজমা। এরা গত দুই বছর ধরে একসঙ্গে খেলছেন।

/আরএম/এফআইআর/