আরামবাগের রক্ষণ ভাঙতে পারেনি চট্টগ্রাম আবাহনী

বিপিএল-এ চার স্তরের নিরাপত্তাতারকা খচিত চট্টগ্রাম আবাহনীকে গোলশূন্য ড্রয়ে বাধ্য করলো আরামবাগ। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এ খেলায় শেষ পর্যন্ত জয় হয় আরামবাগের রক্ষণাত্মক মনোভাবের। আর সেই রক্ষণব্যুহ ভাঙতে পারেনি বন্দর নগরীর দলটি।

তবে ম্যাচের প্রথম ত্রিশ মিনিট ছিল নিষ্প্রাণ। এলোমেলো কিছু আক্রমণের পর ৩৭ মিনিটে কর্নার পায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু দলটির অধিনায়ক মামুনুলের কর্নার কিক শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান আরামবাগ গোলরক্ষক মিটুল হাসান।

এরপরও চাপ অব্যাহত রেখে আবারও গোলের কাছাকাছি চলে এসেছিল চট্টগ্রাম আবাহনী। ৪১ মিনিটে ডান দিক থেকে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেইন্ট পিউক্সের হেড অল্পের জন্য ক্রসবার মিস করে। প্রথমার্ধের শেষ পর্যন্ত এই দুর্দশা অব্যাহত থাকে আবাহনীর। ৪৫ মিনিটে সোহেল রানার ক্রসে জাহিদ হোসেনের হেডের পর ইব্রাহিমের আলতো টোকার বল পোস্টে ঢোকার আগ মুহূর্তে নাইজেরিয়ান ডিফেন্ডার ইসা ইউসুফ ব্যাক ভলি করে চট্টগ্রাম আবাহনীকে গোলবঞ্চিত করেন।

বিরতির পর আরামবাগের প্রথম সুযোগটা আসে ৫৭ মিনিটে। উইঙ্গার সাজিদুর রহমানের ডান প্রান্তের চেরা দৌড়ের পর বল পেয়ে যান নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন। তবে তার মাটি কামড়ানো শটটি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক আশরাফুল রানা।

গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না চট্টগ্রাম আবাহনী। তাই ম্যাচের শেষ দিকে প্রচণ্ড চাপ সৃষ্টি করেও তারা। কিন্তু তাতেও লাভ হয়নি। আরামবাগের রক্ষণে ভাঙন ধরাতে পারেনি তারা।

লিগে সপ্তম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর এটি তৃতীয় ড্র। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট আর আরামবাগের সংগ্রহ সাত।

/আরএম/এফআইআর/