মামুনুলের ফেরা নির্ভর করছে ম্যানেজমেন্টের ওপর

মামুনুলের ফেরা নির্ভর করছে ম্যানেজমেন্টের ওপরঅনেকটা ক্ষোভ-অভিমান থেকেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। কিছুদিন সময় যাওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। ম্যানেজমেন্ট চাইলে ফের জাতীয় দলে ফিরতে চান ইন্ডিয়ান সুপার লিগে ডাক পাওয়া মামুনুল। বৃহস্পতিবার বাফুফে ভবনে তিনি বলেছেন, ‘আমার ফেরা না ফেরা নির্ভর করছে আমাদের ম্যানেজমেন্টের ওপর। আর কাজী সালাউদ্দীন ভাই অনেক কিছুই জানতোনা। আজকের আলোচনায় তিনি অনেক কিছু জেনেছেন। তিনি যদি মনে করেন দেশের জন্য আমার খেলার প্রয়োজন আছে, তবে আমি ফিরে আসতে চেষ্টা করবো।’

মামুনুল ফিরতে চাইলেও এই মুহূর্তে তাকে ফের দলে নেওয়ার পক্ষে নন কোচ সেইন্টফিট। বিশেষ করে লিগের সর্বশেষ খেলায় মামুনুলের দল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আরামবাগের গোলশূন্য ড্রয়ের ম্যাচটি দেখেছেন জাতীয় কোচ। এ প্রসঙ্গে কোচ বলেছেন, ‘ম্যাচে মামুনুলকে এমন বিশেষ কিছু আমি করতে দেখিনি যাতে তাকে আমার দলে ডাকতে হবে।’

 এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং এর সভাপতি কাজী সালাউদ্দীনকে নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

এই লক্ষ্যে বৃহস্পতিবার বাফুফে ভবনে গিয়ে সভাপতির কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মামুনুল।  এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।  এরপর মামুনুল জানান, ‘আসলে কিছুদিন আগে আমার নামের একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বাজে মন্তব্য করা হয়েছিল। ওই অ্যাকাউন্ট আমার নয়, ওটা ভুয়া। সালাউদ্দীন ভাইয়ের একটা কথার ভিত্তিতে বাজে মন্তব্য করা হয়েছিল। আমার প্রকৃত যে আইডি, তা আমার স্ত্রী পরিচালনা করেন। আমি কোনও ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে মাথা ঘামাইনা। আর এই বিষয়টিই আমি বাফুফে সভাপতির কাছে তুলে ধরেছি।’

 /আরএম/এফআইআর/