সপ্তাহ দুয়েক আগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-ম্যানসিটি। ন্যু ক্যাম্পের ওই ম্যাচে আক্ষরিক অর্থেই উড়ে গিয়েছিল ইংলিশ ক্লাবটি। মেসি জাদুতে ৪-০ গোলে উড়ে যাওয়ার পর এবার ঘরের মাঠে তারা আতিথ্য দেবে কাতালানদের। ন্যু ক্যাম্পের ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি, এর পরও আছেন তিনি গোলের মধ্যে। সবশেষ গ্রানাদার বিপক্ষে গোল না পাওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর হয়তো ম্যানসিটির বিপক্ষে চেনা ছন্দে ফিরতেই ঘুমিয়ে ছিলেন!
বার্সেলোনা যেখানে জয়ের উৎসবে মাতছে গত কিছুদিন, সেখানে ম্যানসিটির দুদর্শা যেন কাটছেই না। প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান ধরে রাখলেও টানা চার ম্যাচ কাটিয়েছে জয়হীনভাবে। বার্সেলোনার বিপক্ষে মহারণের আগে অবশ্য স্বরূপে ফিরেছে লিগের আগের ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। ওই ম্যাচে জোড়া গোল করেছেন সের্হিয়ো আগুয়েরো ও ইকে গুন্ডোগান। অথচ এই আগুয়েরো বার্সেলোনার বিপক্ষে আগের ম্যাচে জায়গাই পাননি একাদশে! ঘরের মাঠের ফিরতি লেগে অবশ্য তার শুরুতে না থাকার কোনও কারণ নেই।
/কেআর/