চ্যাম্পিয়নস লিগে মেসির আরেকটি কীর্তি

মেসিপারেননি লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ৩-১ গোলের হার নিয়ে। হারলেও প্রাপ্তির খাতায় নতুন আরেকটি অধ্যায় যোগ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যানসিটির জালে বল জড়িয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রাউলের গোল টপকে গিয়েছেন বার্সেলোনা তারকা।

অনেকটা সময় ধরে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন রাউল। গোলের অনন্য রেকর্ড গড়া রিয়াল মাদ্রিদ কিংবদন্তির গ্রুপ পর্বের গোলসংখ্যাই ছিল বেশি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় করা ৭১ গোলের ৫৩টিই করেছিলেন তিনি গ্রুপ পর্বে। রিয়াল ও শালকের জার্সিতে পাওয়া তার গোলকে এবার টপকে গেলেন মেসি। ইতিহাদে ম্যানসিটির বিপক্ষে লক্ষ্যভেদ করে রাউলের গ্রুপ পর্বের গোলকে ছাড়িয়ে যান তিনি। এখন তার গোলসংখ্যা ৫৪, আর সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলসংখ্যা আর্জেন্টাইন খুদে জাদুকর নিয়ে গেলেন ৯০তে।

ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবশ্য সর্বোচ্চ গোল ক্রিস্তিয়ানো রোনালদোর। সব মিলিয়ে রিয়াল উইঙ্গারের গোল ৯৫ হলেও শুধু গ্রুপ পর্বের হিসাবে পিছিয়ে আছেন তিনি মেসির চেয়ে। গ্রুপ পর্বে রোনালদোর গোল সংখ্যা ৫১।

/কেআর/