মেসির প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই আর্জেন্টিনার হয়ে দুটি বিশ্বকাপ জেতা পাসারেলার। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন তিনি, আট বছর পর মেক্সিকোতে জেতা দ্বিতীয় বিশ্বকাপের দলেও ছিলেন সাবেক এই অধিনায়ক। অধিনায়কত্বের বিষয়টি তার খুব ভালো করেই জানা আছে। আর সেই অভিজ্ঞতা থেকেই মনে করেন মেসির নেতৃত্ব দেওয়া উচিত নয়। মেসির ব্যক্তিত্ব নিয়ে পাসারেলা প্রশ্ন তুললেও প্রত্যাশার চাপ কমানোর জন্যও বার্সেলোনা তারকার অধিনায়কত্ব করা উচিত নয় বলে মনে করেন তিনি। চিলিয়ান এক পত্রিকার দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেছেন, ‘তার কাঁধের ওপর থেকে চাপ কমবে (যদি মেসিকে অধিনায়কত্বের আর্মব্যান্ড না দেওয়া হয়)। আমি ঠিক জানি না বিষয়টা ঠিক হবে কিনা, তবে আমার মনে হয় এটাই করা উচিত।’
কেন করা উচিত, সেটারও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘মেসিকে আমিও মুগ্ধ। কিন্তু আমার মতে ওর ব্যক্তিত্বটা যেমন এবং যেভাবে খেলে, তাতে মনে হয় ও ভীতু।’ তাহলে কার বাহুতে উঠা উচিত আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড? পাসারেলা সেটাও ঠিক করে দিয়েছেন; তার মতে ডিফেন্ডার রামিরো ফুনেস মোরিকে করা উচিত আলবিসেলেস্তেদের অধিনায়ক।
/কেআর/