মেসির হাতে সব ব্যালন ডি’অর চেয়েছিলেন পিকে

বার্সার দুই সতীর্থ পিকে ও মেসি২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৮ বার ব্যালন ডি’অর শুধুই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে হাত বদল হয়েছে। সবচেয়ে বেশি ৫ বার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, আর ৩টি পর্তুগিজ অধিনায়ক। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ফর্মের তুঙ্গে থাকার স্বীকৃতিতে টানা চারবার ব্যালন ডি’অর হাতে নেন মেসি। এরপর টানা দুইবার রোনালদোর হাত ঘোরার পর বার্সেলোনা ফরোয়ার্ড গত বছর পুনরুদ্ধার করেন বর্ষসেরা ফুটবলারের শীর্ষ পুরস্কার। কিন্তু মেসির পারফরম্যান্সে মুগ্ধ ক্লাব সতীর্থ জেরার্ড পিকের মতে, ২০০৯ থেকে প্রত্যেক বছর ব্যালন ডি’অর জেতার মতো যোগ্য ছিলেন ২৯ বছর বয়সী আর্জেন্টাইন।
রোববার সেভিয়ার মাঠে ২-১ গোলে বার্সার জয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পর মেসির এমন প্রশংসা করলেন স্প্যানিশ ডিফেন্ডার। ইনজুরিতে আক্রান্ত হলেও পিকে সতীর্থের খেলা দেখেছেন, ম্যাচ শেষে টুইটারে ২৯ বছর বয়সীকে প্রশংসায় ভাসান, ‘যদি ব্যালন ডি’অর বিশ্বের সেরা খেলোয়াড়কে দেয়ার জন্য হয়ে থাকে, তাহলে ২০০৯ সাল থেকে প্রত্যেক বছর এটা মেসির জেতা উচিত ছিল।’ রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে ৪৩ মিনিটের সমতাসূচক গোলে বার্সার জার্সিতে নতুন মাইলফলকে পৌঁছান মেসি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ওই গোলটি ছিল তার ৫০০তম। প্রীতি ম্যাচের গোলও যুক্ত হয়েছে সেখানে, আনুষ্ঠানিক ম্যাচে তার গোল সংখ্যা ৪৬৯টি। গোল ডটকম

/এফএইচএম/