আরও পরিশ্রম করার প্রতিশ্রুতি রোনালদোর

রোনালদোসোমবার দিনটা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য বিশেষ। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করার পর আবার হাতে তুললেন লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে পতুর্গিজ যুবরাজ জিতেছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র দেওয়া ‘আলফ্রেদো দি স্তেফানো’ অ্যাওয়ার্ড। যে পুরস্কারটি তাকে আরও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন রোনালদো।

২০১৫-১৬ মৌসুমের লা লিগা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন উজ্জ্বল। ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে রোনালদো করিয়েছিলেন আরও ১১ গোল। যে পারফরম্যান্স তাকে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে এনে দিয়েছে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। রিয়ালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করার পর পুরস্কারটি জেতার অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘(২০১৫-১৬ মৌসুমে) অনেক আবেগ জড়িয়ে আছে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে। আজকের (সোমবার) দিনটা আমার জন্য বিশেষ, চুক্তি নবায়নের পর আবার মার্কার কাছ থেকে এই পুরস্কার।’ সম্মাননাটি তাকে সামনে ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানিয়েছেন তিনি, ‘ভীষণ খুশি। এটা আমাকে সামনের বছরগুলোতে কঠোর পরিশ্রম ও আরও ভালো করার পথে অনুপ্রেরণা জোগাবে।’

চলতি লা লিগা মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। ব্যর্থতা ঝেড়ে এবার স্প্যানিশ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে পারবেন কিনা, এমন প্রশ্নে রোনালদোর জবাব, ‘প্রত্যাশিতভাবেই এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও লড়াইটা দৌঁড়ে পার হওয়ার নয়, বরং ম্যারাথনের। আমরা লড়াই চালিয়ে যাব।’ কঠোর পরিশ্রমের মূল্য যে পাবেন, সেটাও জানিয়ে রাখলেন ‘সিআরসেভেন’, ‘ঈশ্বর কঠোর পরিশ্রমকারীকে সব সময়ই সাহায্য করেন।’ মার্কা

/কেআর/