ব্রাজিলকে টানা পঞ্চম জয় এনে দেয়ার পথে প্রথম গোলদাতা গর্ব নিয়ে ম্যাচ শেষ করলেন, ‘দলে থাকতে পারা আমার জন্য খুব গর্বের মুহূর্ত। সেরা খেলোয়াড়দের পাশে থেকে এই দলে অংশ নিতে পারা সত্যিই সুখের, তাও আবার ম্যাচটা ক্লাসিক। ’ তবে এখনই চূড়ান্ত লক্ষ্য পূরণ হয়নি মনে করেন কৌতিনিয়ো, ‘কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করার বাকি আছে এখনও, আর সেটা হচ্ছে বিশ্বকাপে জায়গা করে নেওয়া।’ এরপরই লিভারপুলের তারকা বললেন স্বপ্নের কথা, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময় ছিল একটা বড় স্বপ্ন। প্রত্যেক শিশু ব্রাজিলের জার্সিতে এমন ম্যাচ খেলার স্বপ্ন দেখে। আজ আমরা মাঠে জিতেছি, আর বাঁশি বাজার পর থেকে সমর্থকরা অনেক সহায়তা করেছে। খুব খুশি মনে মাঠ ছেড়েছি।’
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার একপেশে হারকে অনেকে মেনে নিতে পারছেন না। কিন্তু ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মিরান্দা মনে করেন রক্ষণের দারুণ নৈপুণ্যের কাছে হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, ‘জাতীয় দলের হয়ে প্রতিদিনকার পরিশ্রমের ফলে আমরা খুব কৌশলী হয়ে উঠছি এবং আমরা প্রতিপক্ষকে চমকে দিতে পারছি কারণ আমাদের আছে গুণগত একটা রক্ষণভাগ।’ স্ট্রাইকারদের প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘আর আমাদের স্ট্রাইকারদের নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। তারা এমন খেলোয়াড় যারা অন্য পর্যায়ের। তারা খুব ভালো।’
আর্জেন্টিনার তারকাখচিত আক্রমণকে রুখে দিয়ে জয় পাওয়ায় অভিভূত আরেক গোলদাতা পাউলিনিয়ো, ‘আর্জেন্টিনার অল্পকিছু সুযোগ ছিল কিন্তু আমরা জানি কীভাবে ম্যাচ ভালো খেলতে হয়। আমরা আক্রমণের সঠিক সময় জানতাম। আমাদেরও অনেক সুযোগ ছিল।’ জাতীয় দল ভালো সময় কাটালেও সতীর্থদের মাটিতে পা রাখার আহ্বান জানান গুয়াংঝু এভারগ্রান্দের এ তারকা।
/এফএইচএম/