ব্রাজিলের মাঠ থেকে আগের ম্যাচে ৩-০ গোলের লজ্জা নিয়ে ফিরেছে আর্জেন্টিনা। হারের হতাশার সঙ্গে দুশ্চিন্তার মেঘ জন্মেছে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনার ওপর। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্লে অফের জায়গার বাইরে থাকা আর্জেন্টিনার সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায় আছে কলম্বিয়া। স্যান হুয়ানের ম্যাচের চ্যালেঞ্জটা আচ পাচ্ছেন আর্জেন্টিনার কোচ বাউসা। যদিও সব কিছু দূরে সরিয়ে তার চিন্তা শুধুই জয়, ‘আমাদের প্রত্যেকটা জায়গায় উন্নতির দরকার। কলম্বিয়ার অনেক ভালো খেলোয়াড় আছে, ব্যক্তিগত পারফরম্যান্সেও অনন্য। আমাদের এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। সহজ কথায় আমাদের জিততে হবে, আর সে জন্য ঝুঁকিও নিতে হবে আমাদের।’
কঠিন এই ম্যাচের আগে আবার হানা দিয়েছে চোট। ব্রাজিলের বিপক্ষে মাঠে থাকা গনসালো হিগুয়েইনের সঙ্গে অনিশ্চিত গাব্রিয়েল মেরকাদো ও এভার বানেগা। বাউসা ‘তারা প্রস্তুত’ মন্তব্য করলেও তাদের খেলার ব্যাপারে নিশ্চিত করে বলেননি কিছুই। এএফপি
/কেআর/