ক্যালদেরন উন্মুক্ত হওয়ার পর থেকে এই হোম ভেন্যুতে লস ব্লাঙ্কোদের বিপক্ষে ৯টি জয় পেয়েছে অ্যাতলেতিকো। দিয়েগো সিমিওনির দল এবার দশম জয়ের লক্ষ্যে নামবে। যদিও দুই দলই চোট নিয়ে দুশ্চিন্তায়। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না দুই মাদ্রিদ।
রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে ৪৮ ম্যাচে ৯ জয় অ্যাতলেতিকোকে স্বস্তি দেওয়ার মতো নয়। তবে সিমিওনির ছোঁয়ায় বদলে যাওয়া দলটি গত কয়েকটি ডার্বিতে চমৎকার মানসিক শক্তি দেখিয়েছে। আর এটাই অন্যরকম এক ম্যাচের আভাস দিচ্ছে। এছাড়া তিন বছরের ব্যবধানে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে যাওয়ার ব্যথাটা ভুলতে চায় অ্যাতলেতিকো।
মনে হতে পারে, প্রতিশোধের নেশায় মত্ত ২০১২ সালের চ্যাম্পিয়নরা। কিন্তু প্রতিশোধের চিন্তায় মগ্ন হয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনতে চায় না সিমিওনির দল। কারণ লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় তারা। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট দূরে দলটি। গত তিন ম্যাচে দুই হারে চারে নেমে গেছে অ্যাতলেতিকো। রিয়ালকে হারাতে পারলে সেই দূরত্বটা কমে যাবে ৩ এ। তাই পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যের সঙ্গে ক্যালদেরনে শেষ ডার্বি অ্যাতলেতিকোকে শুধুই জয়ের স্বপ্নে বিভোর রেখেছে।
* অ্যাতলেতিকো ও রিয়ালের খেলাটি সরাসরি সম্প্রচার শনিবার দিবাগত রাত পৌনে ২টায়, সনি সিক্স এইচডি চ্যানেলে।
/এফএইচএম/