নগরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ১৫ গোল নিয়ে শনিবার ভিসেন্ত ক্যালদেরনে নেমেছিলেন পর্তুগালের ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক এই তালিকায় তিনি ছিলেন তিন নম্বরে। প্রথমার্ধে ফ্রিকিক থেকে গোল করে তিনি দ্বিতীয় স্থানে থাকা সান্তিয়ানার পাশে বসেন। বিরতির পর ফিরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দি স্তেফানোর সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেন রোনালদো। এরপর সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডের সর্বোচ্চ ১৭ গোলের মাইলফলককে পেছনে ফেলতে হ্যাটট্রিক করেন ৩১ বছর বয়সী। মাদ্রিদ ডার্বিতে এনিয়ে ১৮ গোল করলেন পর্তুগালের ইউরোজয়ী অধিনায়ক।
এই হ্যাটট্রিকে চলতি লিগ মৌসুমে ৯ ম্যাচে ৮ গোল করলেন রোনালদো, শীর্ষ গোলদাতার আসনে বার্সেলোনার জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশে বসলেন তিনি।
সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে রোনালদোর গোল ৩৭৪টি। রিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পোর্টিংয়ের হয়ে ৫০০তম ক্যারিয়ার গোল থেকে আর মাত্র তিন গোল দূরে তিনি। বলা চলে, ফর্মের তুঙ্গে থাকায় সেটাও খুব তাড়াতাড়ি রোনালদোর হাতের মুঠোয় চলে আসবে।
/এফএইচএম/