রামন সানচেস পিজুয়ানে শুরুটা দুর্দান্ত হয়েছিল সেভিয়ার। চোট জর্জরিত জুভেন্টাসের বিপক্ষে স্বাগতিকরা এগিয়ে যায় নবম মিনিটেই, যখন জাল খুঁজে পেয়েছিলেন নিকোলাস পারেয়া। বিরতির ঠিক আগ মুহূর্তে অবশ্য জুভেন্টাস সমতায় ফেরে পেনাল্টি গোলে। মার্কিসিওর স্পট কিক থেকে সফরকারীরা খেলায় ফেরার আগেই অবশ্য সেভিয়া ৩৬ মিনিটে বড় ধাক্কা খায় মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাসকেস দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের দল নিয়েও স্প্যানিশ ক্লাবটি তবু আটকে রেখেছিল ইতালিয়ান চ্যাম্পিয়নদের ৮৪ মিনিট পর্যন্ত। এর পর আর পারেনি, বনুচ্চির দূর পাল্লার আচমকা শটে পিছিয়ে পড়া সেভিয়ার কফিনে জুভরা শেষ পেরেকটি মারে ইনজুরি টাইমে মানজুকিচ জাল খুুঁজে পেলে।
‘এইচ’ গ্র“পের অন্য ম্যাচে ডিনামো জাগরেবের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে অলিম্পিক লিওঁ।
এদিকে স্তাদিও দ্বিতীয় লুইসে অঘটনের শিকার হয়েছে টটেনহাম। মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে শুধু ম্যাচ নয়, চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় ঘন্টা বেজে গেছে ইংলিশ ক্লাবটির। তাদের হারে ‘ই’ গ্র“প থেকে মোনাকোর সঙ্গে পরের রাউন্ডে চলে গেছে বেয়ার লেভারকুসেন, যারা আগের ম্যাচে ১-১ গোলে ড্র করে ফিরেছিল সিএসকেএ মস্কোর মাঠ থেকে। গোল ডটকম
/কেআর/