সান্তোস থেকে ২০১৩ সালে নেইমার যোগ দিয়েছেন বার্সেলোনায়। তার এই দলবদল নিয়েই যত ঝামেলা। বার্সেলোনা তার দলবলের অঙ্কটা ৫৭.১ মিলিয়ন ইউরো বললেও স্পেনের সরকার পক্ষের আইনজীবিদের দাবি অঙ্কটা ছিল ৮৭ মিলিয়ন ইউরোর। মামলার সূত্রপাত সান্তোসে থাকতে নেইমারের স্বত্বের ৪০ শতাংশ থাকা ‘ডিআইএস’ নামের এক প্রতিষ্ঠান প্রতারণার অভিযোগ তুললে। ওই প্রতিষ্ঠানটির দাবি, নেইমার ও তার বাবা দলবদলের অঙ্ক কমিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ আছে বার্সেলোনার বিরুদ্ধেও। প্রায় ৪০ মিলিয়ন ইউরো কম দেখিয়ে কর ফাঁকির দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
অনেক দিন ধরেই চলছে মামলাটি। এ জন্য আদালতেও যেতে হয়েছিল নেইমার ও তার বাবাকে। দীর্ঘ শুনানি শেষে এখন রাষ্ট্র পক্ষের আইনজীবিরা নেইমারকে দুই বছরের জেল দেওয়ার অনুরোধ করেছেন আদালতের কাছে। এই মামলার জের ধরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তখনকার বার্সেলোনা সভাপতি সান্দ্রো রসেল। দায়িত্ব ছেড়ে দিলেও রক্ষা পাচ্ছেন না তিনি। রসেলের জন্য ৫ বছরের জেল চায় তারা। এমনকি ‘মিথ্যা’ তথ্য দেওয়ায় বার্সেলোনাকে ৮.৪ মিলিয়ন ইউরো জরিমানার সুপারিশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবিরা। মার্কা
/কেআর/