মেসির জোড়া গোলে নকআউট পর্বে বার্সেলোনা

দ্বিতীয় গোল করে সতীর্থদের সঙ্গে মেসির উদযাপনঅসুস্থতার কারণে লা লিগায় আগের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। বার্সেলোনাও ঘরের মাঠে সুবিধা করতে পারেনি। ৯ জনের মালাগার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ফিরলেন এবং দলকে নিয়ে গেলেন নকআউট পর্বে । মেসির জোড়া গোলে সেল্টিকের মাঠে ২-০ গোলে জিতল বার্সেলোনা। ‘সি’ গ্রুপে ৫ ম্যাচে ১২ পয়েন্ট তাদের, গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা খেলবে শেষ ষোলোর মঞ্চে।

ন্যু ক্যাম্পের মতো গোলবন্যার পুনরাবৃত্তি হলো না সেল্টিক পার্কে। গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে প্রথম মুখোমুখি লড়াইয়ে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। একপেশে ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। কিন্তু দ্বিতীয় দেখায় তিনিও নিজেকে খুব বেশি মেলে ধরতে পারেননি। প্রতিপক্ষের রক্ষণভাগের কড়া নজরদারিতে ছিলেন ২৯ বছর বয়সী। তারপরও মেসিই ছিলেন দ্বিতীয় ম্যাচের নায়ক। তার নৈপুণ্যে ভর করে সেল্টিককে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল বার্সেলোনা।

সেল্টিক পার্কে ২৪ মিনিটে বার্সা গোলমুখ খোলে তাদের ১০ নম্বর জার্সিধারীর চমৎকার গোলে। রক্ষণভাগ গলে ডানদিকে মেসিকে খুঁজে পেয়ে তাকে বল ঠেলে দেন নেইমার, প্রথম শটেই অসহায় গোলরক্ষক ক্রেইগ গর্ডনকে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। বিরতিতে যাওয়ার চার মিনিট আগে দ্বিতীয় গোলের সুযোগ পায় তারা। কিন্তু মেসির ক্রস থেকে লুইস সুয়ারেজের দুর্দান্ত হেড ঠেকিয়ে সেল্টিককে স্বস্তিতে রাখেন গর্ডন।

গোল করে উল্লসিত মেসিথেমে যায়নি সেল্টিক, বিরতি থেকে ফেরার ৮ মিনিট পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু মোসা দেম্বেলের হেডে জোর ছিল না, সহজেই রুখে দেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। স্বাগতিকদের ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে যায় ৫৫ মিনিটে। ডিবক্সের মধ্যে এমিলিও ইজাগুইরে টেনে ধরে ফেলে দেন সুয়ারেজকে। পেনাল্টি শট নিতে আসেন মেসি, বাঁপায়ের শটে গোলপোস্টের মাঝ বরাবর লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

গত চার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে এটি ছিল মেসির নবম গোল, চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিনিই সবার উপরে। হ্যাটট্রিকেরও সুযোগ পান মেসি। ৬৮ মিনিটে তার ডানপায়ের শট গোলবারের কিছুটা পাশ দিয়ে চলে যাওয়ায় সেটা হয়নি।

শেষদিকে নেইমার রেগে গিয়ে হেরে গেলেন। ৭১ মিনিটে সেল্টিক মিডফিল্ডার মিকায়েল লুসতিগের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান তারকা। এতে করে গ্রুপের শেষ ম্যাচে তাকে নিষিদ্ধ হতে হলো। আগামী ৬ ডিসেম্বরে বার্সা খেলবে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখকে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সেল্টিক একই দিন খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

/এফএইচএম/