মেসির নতুন চুক্তি নিয়ে কোনও কথা হয়নি

লিওনেল মেসিলিওনেল মেসির চুক্তি নিয়ে কত কথা, কত গুঞ্জন। সবকিছু তৈরি করছে স্প্যানিশ গণমাধ্যম। কয়েকদিন আগে তাদের দাবি ছিল- নতুন চুক্তির ব্যাপারে কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ন্যু ক্যাম্পে গেছেন মেসির বাবা হোর্হে। শোনা গেছে- বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন তারকাকে রেখে দেওয়ার প্রস্তাব দিতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু ক্লাবের সহসভাপতি জর্দি মেস্ত্রে জানালেন নতুন চুক্তি নিয়ে কোনও পক্ষের মধ্যে কোনও আলাপ আলোচনা হয়নি।

মেসির নতুন চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন থাকার কথা প্রত্যাখ্যান করল বার্সেলোনা। রবিবার ডার্বি জেতার পর মেস্ত্রে স্পষ্ট করে বলেছেন, ‘মেসির চুক্তি নবায়ন নিয়ে আমরা এখনও কোনও আলাপ শুরু করিনি। কিন্তু নেইমার ও লুই সুয়ারেসের চুক্তির পর আমরা আশাবাদী বছরের প্রথম তিনমাসের মধ্যে এটা চূড়ান্ত করব।’

মেসির বাবার ন্যু ক্যাম্পে আসার খবরকে স্বাগত জানিয়েছিলেন কোচ লুই এনরিকে। বিষয়টিকে ‘ভালো খবর’ উল্লেখ করলেও মেসির চুক্তি নিয়ে নীরব ছিলেন তিনি। সম্প্রতি ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো সুয়ারেস সিদ্ধান্তটি মেসির একান্ত বললেও আশাবাদী তিনি, ‘আমরা আশা করি ক্লাবে একসঙ্গে থাকতে পারব। সে খুশি। দারুণ আছে এখানে। কিন্তু সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/