জানুয়ারিতে রিয়াল ছাড়বেন না হামেশ রদ্রিগেস

হামেশ রদ্রিগেসএএস তাদের রিপোর্টে জানায় ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ কলম্বিয়ান ফরোয়ার্ডকে নিতে আগ্রহী। কিন্তু মেন্দেস তাদের হতাশ করলেন। 

২০১৪ সালের বিশ্বকাপে জ্বলজ্বলে পারফরম্যান্স করে রিয়াল মাদ্রিদের নজর কেড়েছিলেন হামেশ রদ্রিগেজ। বিশ্বকাপের পরের দলবদলেই কলম্বিয়ান স্ট্রাইকারকে ছয় বছরের চুক্তিতে মোনাকো থেকে এনেছিল তারা। কিন্তু সম্প্রতি দলে জায়গা নিয়মিত হচ্ছে না তার। নিজের ভবিষ্যত নিয়ে তাই ধোঁয়াশার মধ্যে পড়ে গেছেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার চিন্তাভাবনাও তার মনে এসেছে। অনেকে ভাবছেন পরবর্তী দলবদলে নতুন ঠিকানা খুঁজে নেবেন তিনি। তবে তার এজেন্ট হোর্হে মেন্দেস জানালেন, জানুয়ারিতে পরের দলবদলে রিয়াল ছাড়বেন না রদ্রিগেস।

এএস তাদের রিপোর্টে জানায় ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ এ কলম্বিয়ান ফরোয়ার্ডকে নিতে আগ্রহী। কিন্তু মেন্দেস তাদের হতাশ করলেন। মৌসুমের মাঝামাঝি সময়ে তার যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেছেন তিনি, ‘হামেশ জানুয়ারিতে মাদ্রিদ ছেড়ে যাচ্ছে না।’

মেন্দেসের বক্তব্যের কয়েকদিন আগে রদ্রিগেস দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন, ‘আমি এখানে খুশি। কিন্তু আমি বেশি খেলতে চাই। আমি চাই মাদ্রিদে সারাজীবন থাকতে। কিন্তু সবদিকে দেখতে হবে এবং বিকল্প কিছু থাকলে সেটা নিয়েও ভাবতে হবে। আমার কয়েকটি প্রস্তাব আছে এবং এনিয়ে ভাবার সময় পাচ্ছি।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/