কোনও একদিন ফ্ল্যামেঙ্গোতে খেলতে চান নেইমার

নেইমারনিজের সাবেক ক্লাব সান্তোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী ফ্ল্যামেঙ্গো। আর রিও ডি জেনেইরোর সেই ক্লাবেই কোনও একদিন খেলতে চান নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এ আগ্রহ কারও কারও মনে ক্ষোভ তৈরি করেছে।

ক্যারিয়ারের শেষবেলায় এসে স্বদেশী ক্লাবে খেলার ইচ্ছা পুরানো নয়। নেইমারও তেমনটাই চান। কিন্তু ছেলেবেলার ক্লাব সান্তোস ছেড়ে ফ্ল্যামেঙ্গোতে কেন! এর উত্তর মেলেনি নেইমারের কাছে। এক চ্যারিটি ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যদি সম্ভব হয় আমি কোনও একদিন ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলতে চাই। এটা আমার জন্য অনেক সম্মানের হবে। ওখানে (মারাকানা) আমি যদি সারাদিন খেলতে পারতাম। এই ক্লাবের জন্য আমি খেলতে চাই।’

সান্তোসের ব্যাপারে কোনও কথাই বলেননি নেইমার। কারণ গত তিনটি বছর ধরে সাও পাওলোর ক্লাবের সঙ্গে তার তিক্ত সম্পর্ক চলছে। অথচ ২০১৩ সালে বার্সেলোনায় চুক্তির আগে সান্তোসে এক দশক খেলেছেন নেইমার। দুই শতাধিক ম্যাচ খেলেছেন প্রথম দলের সঙ্গে এবং গোল করেছেন ১৩৬টি। পেলের পর সান্তোসকে প্রথমবার কোপা লিবার্তাদোরেস (২০১১) শিরোপাও জেতান নেইমার। কিন্তু ন্যু ক্যাম্পে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে মধুর সম্পর্ক আর নেই। চুক্তিভঙ্গের অভিযোগে ফিফার কাছে নেইমারকে ছয় মাস নিষিদ্ধের প্রস্তাব করে সাও পাওলোর ক্লাবটি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/