সাফের ফাইনাল খেলতে দৃঢ়প্রত্যয়ী বাংলাদেশ



মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ।
প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ। কাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিলিগুড়ির কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। এর আগে দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক ও শিরোপাধারী ভারত ও ভালো ফর্মে থাকা নেপাল।
গত বছরের ফেব্রুয়ারি মাসে শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসে মেয়েদের ফুটবলে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গোল করেছিলেন মার্জিয়া ও অধিনায়ক সাবিনা খাতুন। উল্লেখ্য সাবিনা খাতুন মালদ্বীপের মহিলা ফুটবল লিগে গত বছর নিয়মিত খেলেছেন এবং প্রতিপক্ষকে ভালোভাবেই জানেন। সাবিনা আফগানিস্তানের বিপক্ষে ৬-০ গোলের জয়ে একাই করেন পাঁচটি গোল।
বাংলাদেশ শনিবার ভারতের সাথে গোলশূন্য ড্র করে গ্রুপ বি’র চ্যাম্পিয়ন হয়। এ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখান বাংলাদেশের ৫ ফুট ৮ ইঞ্চি দীর্ঘদেহী গোলরক্ষক সাবিনা আকতার। ওয়ান টু ওয়ানে দুটি ও ভারতের দূরপাল্লার আরেকটি শট দর্শনীয়ভাবে রুখে দেন সাবিনা। সাবিনা এই নৈপুণ্যকে তার জীবনের সেরা পারফরম্যান্স আখ্যায়িত করে বলেন, ’এই পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে, আমরা আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল অর্জন করেছি, এখন আমাদের লক্ষ্য ফাইনালে যাওয়া, আমরা এটিও অর্জন করতে দৃঢ়প্রত্যয়ী’।
/আরএম