সম্প্রতি মেসি তার ফর্মের তুঙ্গে আছেন। প্রায় সব ম্যাচেই বার্সেলোনার জার্সিতে গোল করছেন তিনি। দলকে কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে সামনে থেকে অবদান রাখছেন ২৯ বছর বয়সী। স্বাভাবিকভাবে ভক্তদের কাছে এখন প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি। কিন্তু দেশবাসীর মন কী সেভাবে জয় করতে পারছেন মেসি? প্রশ্নটা থেকেই যায়।
ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়ার পরদিন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বানানো মেসির ব্রোঞ্জের মূর্তিটিকে ভাঙা দেখা গেছে। বোঝাই যায় দেশের সেরা ফরোয়ার্ডকে এখনও মেনে নিতে পারেন না কেউ কেউ। আর তাদের উদ্দেশ্য করেই ম্যারাডোনা এক সাক্ষাতকারে বলেছেন, ‘একটিও বিশ্বকাপ না জেতার কারণে মেসিকে যারা মেনে নিতে পারে না আমি একেবারেই তাদের সহ্য করতে পারি না। আমার ৫৬ বছরের জীবনে তার মতো কাউকে দেখিনি আমি।’
মেসি ও দলের বাজে পারফরম্যান্সের কারণে শিরোপা খরায় ভুগছে আর্জেন্টিনা- এটা মানতে নারাজ দুইবারের বিশ্বজয়ী ম্যারাডোনা। বরং মাঠের বাইরের সমস্যাগুলোকে মূল কারণ মনে করেন তিনি। এক্ষেত্রে তার ইঙ্গিত আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের দিকে। সূত্র- মার্কা
/এফএইচএম/