পাওয়া গেল শেখ কামাল টুর্নামেন্টের অষ্টম দল

kgz__alga_bishkek_400x250আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলতে সম্মত হয়েছে কিরগিজস্তানের ক্লাব আলগা এফসি।

২০১৫ মৌসুমে এএফসি কাপে কিরগিজস্তানের আলগা ও বাংলাশের চ্যাম্পিয়ন শেখ জামাল ছিল একই গ্রুপে। কিরগিজ রাজধানী বিশকেকের এই ক্লাবটি খেলতে রাজি হওয়ায় শেষ হলো আয়োজকদের অষ্টম দলের সন্ধান পর্ব। সোমবার বিকেল ৪টায় সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র ও ট্রফি উম্মোচন অনুষ্ঠান।

ফিলিপাইনের স্ট্যালিয়ন এফসি হঠাৎ করে খেলতে অপারগতা প্রকাশ করে বিপদে ফেলে আয়োজকদের। এর আগে ফিলিপাইনের আরেক ক্লাব গ্লোবাল এফসিকে আনার চেষ্টা করেছিল আয়োজকরা। 

টুর্নামেন্টে আয়োজক হিসেবে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ঢাকা ও দশম স্থানে বিপিএল শেষ করা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া খেলবে দক্ষিণ কোরিয়ার তৃতীয় বিভাগের দল এফসি পোশেন, নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্শিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমাই ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। যা শেষ হবে ৪ মার্চ।

এর আগে প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২০ অক্টোবর। সেবার ফাইনালে কলকাতার ইস্ট বেঙ্গলকে ৩ -১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী।