সুয়ারেসের চোখে মেসি ‘সর্বকালের সেরা’

লুই সুয়ারেস ও লিওনেল মেসিবার্সেলোনা সতীর্থের কাছে সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন আর্জেন্টাইন তারকা।

বার্সেলোনা তারকা লুই সুয়ারেসের বিশ্বাস তার সতীর্থ লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ২০১৪ সালে ন্যু ক্যাম্পে আসার পর প্রতি ম্যাচে নতুন করে মেসিকে চিনেছেন উরুগুয়ান স্ট্রাইকার। বিশ্বের সেরা খেলোয়াড় কে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই সুয়ারেসের, ‘মেসি ইতিহাসে সেরা। চমৎকার একজন মানুষ ও। যখন আমি বার্সেলোনায় এলাম, তখন সে আমাকে খুব ভালোভাবে স্বাগত জানাল।’

লিভারপুলে মুগ্ধকর পারফরম্যান্স করে বার্সেলোনায় পা রেখেছিলেন সুয়ারেস। কিন্তু গল্পটা ভিন্ন হতে পারত। কারণ মেসি নয়, ৩০ বছর বয়সী উরুগুয়ান তারকাকে দেখা যেত রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে। সুয়ারেস বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু যখন বার্সেলোনার নাম শুনলাম আমি দ্বিতীয়বার আর ভাবিনি।’

চলতি মৌসুম শেষে কোচ লুই এনরিকের বিদায়ের ঘোষণায় অবাক হওয়ার কথা বলেছেন উরুগুয়ান তারকা। এল ট্রানসিস্টর’কে তিনি জানান, ‘সত্যি হলো বিষয়টা আমাকে একটু হলেও অবাক করেছে। এটা প্রত্যাশা করিনি আমরা। কিন্তু এমন সিদ্ধান্ত বোধগম্য ও গ্রহণযোগ্য।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/