ঘরের মাঠে চেলসির হার, ম্যানইউয়ের হোঁচট

ফাব্রেগাসের গোলোৎসব, ম্যাচ শেষে অবশ্য উৎসব করেছে ক্রিস্টাল প্যালেসঘরের মাঠেই হেরে গেছে চেলসি। এগিয়ে গিয়েও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরেছে তারা ২-১ গোলে। না হারলেও ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে হোঁচট খেয়েছে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে গোলশূন্য ড্র করে।

স্টামফোর্ড ব্রিজে শুরুতেই এগিয়ে গিয়েছিল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসি। পঞ্চম মিনিটে ব্লুদের এগিয়ে নেন সেস্ক ফাব্রেগাস। যদিও উইলফ্রাইড জাহার লক্ষ্যভেদে প্যালেস সমতায় ফেরে নবম মিনিটে। এর পর লিভারপুলের সাবেক স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকের অসাধারণ গোলে ১১ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। প্রথম ১১ মিনিটের ওই ঝড়ের পর আর কোনও গোল হয়নি। তাই ঘরের মাঠে চলতি মৌসুমে দ্বিতীয় হারের মুখ দেখে চেলসি। হারলেও ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আন্তোনিও কন্তের দল।

ঘরের মাঠকে কী আপন ভাবতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়রা! প্রতিপক্ষের মাঠ থেকে জিতে ফিললেও ঘরের মাঠে হারাচ্ছে পয়েন্ট। শনিবারও ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে গোলশূন্য ড্র করে।

মিডলসবরোর বিপক্ষে ৩-১ গোলে জিতে আগের ম্যাচেই প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছিল ম্যানইউ। জয়ের ধারাটা সচল রাখতে পারল না ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে। ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে তো গোলই করতে পারেনি হোসে মরিনহোর দল। সুযোগ তৈরি করেছে অনেক, কিন্তু সফরকারীদের রক্ষণের সামনে খেই হারিয়ে ফেলায় কাঙ্খিত গোলের দেখা আর পায়নি।

ঘরের মাঠের আগের ম্যাচটিও তারা শেষ করেছিল ড্রতে। বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচে গোলটি করেছিলেন তাও ডিফেন্ডার মার্কোস রোহো!

ম্যানইউয়ের কোনও চেষ্টাই কাজে আসেনিম্যানইউ ড্র করলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল অবশ্য ঘরের মাঠে জিতেছে এভারটনের বিপক্ষে। সাদিও মানে, ফিলিপে কৌতিনিয়ো ও অরিগির লক্ষ্যভেদে জিতেছে ৩-১ গোলে। ম্যাচের অষ্টম মিনিটেই লিভারপুল এগিয়ে যায় মানের লক্ষ্যভেদে। অবশ্য ২৮ মিনিটে এভারটন সমতায় ফেরে পেনিংটনের লক্ষ্যভেদে। সমতায় ফেরা ম্যাচে আবারও লিড নেয় ‘অলরেডস’ মিনিট তিনেক পর কৌতিনিয়ো জাল খুঁজে পেলে। আর ৬০ মিনিটে অরিগির লক্ষ্যভেদে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুর। গোল ডটকম

/কেআর/