বলিভিয়ার বিপক্ষে সবশেষ বাছাই ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ২-০ গোলে। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে তারা। লাতিন অঞ্চল থেকে শীর্ষে থাকা চার দল সরাসরি ২০১৮ সালের বিশ্বকাপ খেলতে পারবে বলে আর্জেন্টিনার ভাগ্য এই মুহূর্তে আছে ঝুলে। কঠিন এই পরিস্থিতির জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ এদগার্দো বাউসাকে বরখাস্ত করার পরিকল্পনা করছে বলে খবর ছেপেছিল ‘ইএসপিএন’। সংবাদ মাধ্যমটির খবর ছিল, নতুন কোচ হিসেবে তারা চাইছে সাম্পাওলিকে।
যদিও সেভিয়ার এই আর্জেন্টাইন কোচ কোনও প্রস্তাব পাননি বলে জানিয়েছেন শনিবার। তা ছাড়া এই মুহূর্তে স্প্যানিশ ক্লাবটিকে নিয়েই ভাবছেন তিনি। আর্জেন্টিনার বর্তমান পরিস্থিতি ও কোচ হিসেবে তার নাম উঠায় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। সেই খবরে অবশ্য জল ঢেলে দিলেন সাম্পাওলি এই বলে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কারও কাছ থেকে কোনও প্রস্তাব পাইনি আমি, কারণ ওখানে কোচ হিসেবে একজন কাজ করছেন।’ একই সঙ্গে জানিয়ে রাখলেন তার ভাবনা, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ নজর স্পোর্তিং গিহনের বিপক্ষে ম্যাচটি।’
এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও সাম্পাওলির আর্জেন্টিনার কোচ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল বাতাসে। এমনকি এএফএ’র বিশেষ প্রতিনিধি দল একবার স্পেনেও গিয়েছিলেন তার সঙ্গে কথা বলার জন্য। ওই সময় চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ রাজি হননি সেভিয়ার সঙ্গে চুক্তি থাকায়। দেশের কোচ হওয়ার দৌড়ে আবারও নাম উঠেছে তার। এবারও স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না আর্জেন্টাইন এই কোচ। মার্কা
/কেআর/