আগামী ২০১৭-১৮ মৌসুমে বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। চুক্তি নবায়নের ব্যাপারে এখনও কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না কারও মধ্যে। এদিকে ইউরোপের বড় বড় ক্লাবগুলো আর্জেন্টাইন তারকাকে দলে নিতে তৎপরতা চালাচ্ছে বলে গণমাধ্যমের খবর। বিষয়টিকে বেশিদূর গড়াতে না দেওয়ায় ভালো মনে করেন জাভি।
অবশ্য বার্সার সাবেক মিডফিল্ডারের বিশ্বাস, মেসি নতুন চুক্তিতে সই করবেন। কিন্তু তাকে বেশিদিন অপেক্ষায় না রাখতে বার্সাকে সতর্ক করলেন জাভি। স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বলেছেন, ‘আমার বিশ্বাস মেসি নতুন চুক্তি করবে। বার্সেলোনার মেসিকে দরকার, কিন্তু মেসিরও দরকার বার্সেলোনাকে। আমার কাছে তাকে সুখীই লাগে, আগের চেয়ে অনেক বেশি পরিণত ও শান্ত। সে ক্লাব পালটাবে আমি দেখতে চাই না। কিন্তু আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
বার্সেলোনাকে সতর্ক করে জাভি বলেছেন, ‘মেসির চুক্তি নবায়ন না করা হবে বার্সেলোনার জন্য ঐতিহাসিক ভুল। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। যখন সে অবসর নেবে তখন তার গুরুত্ব অনেক বেশি বোঝা যাবে।’ সূত্র- গোলডটকম
/এফএইচএম/