ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে জিতে চেলসি লিগের শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে গেল। ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট তাদের। আর ম্যানসিটি গত চারটি লিগ ম্যাচে একটিও জিততে না পারার মাশুল গুনেছে। ব্লুদের চেয়ে ১৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে তারা চার নম্বরে।
তাই শিরোপার সম্ভাবনা নেই স্বীকার করলেন স্প্যানিশ কোচ। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পাওয়ার জায়গা নিশ্চিত করতে চান গার্দিওলা, ‘প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়ে গেছে, এখন এটা টটেনহ্যাম ও চেলসির লড়াই। তাই এখন আমরা চ্যাম্পিয়নস লিগের জায়গা চাই।’
সোয়ানসি সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও ডেলে আলি, সন হিউং-মিন ও ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ৩-১ এ জয় পেয়েছে টটেনহ্যাম। ১১ মিনিটে গোল করে সোয়ানসি। আর ৮৮ থেকে ৯৪ মিনিটের গোলে দারুণ জয় পায় স্পাররা। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট টটেনহ্যামের।
এগিয়ে থেকেও এনফিল্ডে শেষদিকে গোল হজম করে ড্র করেছে লিভারপুল। বোর্নমাউথ ২-২ গোলে তাদের রুখে দিয়েছে।
গত ফেব্রুয়ারির পর প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে আর্সেনাল। ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। আর এ জয়ে ম্যানইউকে পেছনে ফেলে পাঁচে উঠে এসেছে আর্সেনাল। সূত্র- ইএসপিএনএফসি
/এফএইচএম/