গত কয়েক বছরে লুই এনরিকের বার্সার জন্য অনেক সমস্যা তৈরি করেছে মালাগা। বিশেষ করে গোলরক্ষক কামেনি বার্সেলোনার বিশ্ববিখ্যাত আক্রমণভাগের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বহুবার এ ক্যামেরুনিয়ান গোলরক্ষক কাতালান জায়ান্টদের লক্ষ্যভেদের প্রচেষ্টায় দুর্গ গড়ে তুলেছেন। বার্সার বিপক্ষে রীতিমতো দেয়াল তুলে দাঁড়িয়েছেন কামেনি। পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে সে কথা।
এনরিকের অধীনে মালাগার বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। বিস্ময়কর হলেও সত্যি, এই পাঁচ ম্যাচে মাত্র তিন গোল করেছে বার্সা। আরও বিস্ময়কর ব্যাপার, এই তিন গোলের মাত্র একটি এসেছে ‘এমএসএন’ নামে খ্যাত মেসি-সুয়ারেস-নেইমারের কাছ থেকে। গোলটি করেছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা মেসি।
অবশ্য এবারের লা লিগায় যথারীতি দুর্দান্ত পারফরম্যান্স মেসি-সুয়ারেস-নেইমারের। এরই মধ্যে ‘এমএসএন’ এর গোলসংখ্যা ৬০টি। যদিও লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে থেকে আপাতত দ্বিতীয় স্থানে আছে বার্সা।
এ সপ্তাহে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বার্সেলোনার। আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে খেলবে তারা। তবে এনরিকের ভাবনায় শুধুই ‘মিশন-মালাগা’। এ বিষয়ে বার্সেলোনা কোচের বক্তব্য, ‘আমাদের মনোযোগ এখন শুধু মালাগা ম্যাচের দিকে। তাদের হালকা করে দেখার অবকাশ নেই।’
নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে জেরার্দ পিকে ও ইভান রাকিতিচকে পাচ্ছে না বার্সা। এছাড়া তুরিন সফরের জন্য হাভিয়ের মাসচেরানো আর আন্দ্রেস ইনিয়েস্তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
অবশ্য একটা সুবিধা পাচ্ছে বার্সেলোনা। মালাগার বিপক্ষে মাঠে নামার আগেই তারা জানতে পারবে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল। মাদ্রিদ-ডার্বিতে রিয়াল জয় না পেলে লিগের শীর্ষে ওঠার সুযোগ থাকবে কাতালান জায়ান্টদের সামনে। তবে সেজন্য জিততে হবে তাদের, ভাঙতে হবে কামেনি-দেয়াল। আজ রাত পৌনে একটায় মুখোমুখি হবে দুই দল, সরাসরি সম্প্রচার করবে টেন ওয়ান ও সনি সিক্স। সূত্র- মার্কা
/এফএইচএম/এএআর/