ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোমারিও রীতিমতো মুগ্ধ নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্সে। নেইমারের পারফরম্যান্স অবশ্য মুগ্ধ হওয়ার মতোই। বিশ্বকাপ বাছাইপর্বে ছয় গোল করেছেন তিনি। তার দুর্দান্ত নৈপুণ্যে চার ম্যাচ হাতে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাতেও দারুণ সময় কাটছে নেইমারের। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করেছেন তিনি, গত সপ্তাহে বার্সার জার্সিতে শততম গোলের দেখাও পেয়েছেন।
রোমারিও তাই এ মুহূর্তে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে রাখছেন নেইমারকে। এক সাক্ষাৎকারে জাতীয় দলে উত্তরসূরীর প্রশংসা করে তিনি বলেছেন, ‘এখন নেইমার আমাদের (ব্রাজিলের) সবচেয়ে বড় তারকা। মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সে এখন বিশ্বের সেরা খেলোয়াড়। আমার বিশ্বাস, তাদের দুজনের চেয়ে অনেক এগিয়ে নেইমার।’
নেইমারের হাত ধরে ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে বলে মনে করেন ৫৫টি আন্তর্জাতিক গোলের মালিক রোমারিও, ‘বার্সা আর ব্রাজিলের হয়ে যা করছে, তার জন্য নেইমারকে গ্রহের এক নম্বর ফুটবলার নির্বাচিত করার সময় এসেছে এখন। আমরা ব্রাজিলিয়ানরা নেইমারের মতো খেলোয়াড়ের ওপরে সম্পূর্ণ আস্থা রাখি। সে আমাদের রাশিয়া বিশ্বকাপে সাফল্য এনে দিতে পারে।’ সূত্র- গোলডটকম
/এফএইচএম/এএআর/