রেফারিং নিয়ে আনচেলত্তির ক্ষোভ

_95695822_refgettyচ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের কাছে দ্বিতীয় লেগে ৪-২ গোলে হেরেছে জার্মান দৈত্যরা। আর এমন হারে রেফারিকে একহাত নিলেন বায়ার্ন কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন রেফারি ভিক্তর কাসাই মানসম্মত কাজ করেননি। রেফারিকে নিয়ে ক্ষোভটা এভাবেই প্রকাশ করেছেন বায়ার্ন কোচ, ‘সেমিতে যাওয়া এভাবে নির্ধারণ হতে পারে না। এই পর্যায়ে এটা হওয়া আসলেই কাম্য নয়।’

তিনি আরও যোগ করেন, ‘রেফারিং সেভাবে মান সম্মত হয়তো ছিল না।’

এই ম্যাচে রিয়াল জয় পেলেও বেশ কিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। অতিরিক্ত সময়ে রোনালদোর গোলটি ছিল অফসাইড থেকে। এমন রেফারিংয়ে রিয়ালের প্রভাব ছিল না বলেই মনে করেন বায়ার্ন কোচ। কারণ স্প্যানিশ এই ক্লাবটিরই এক সময় কোচ ছিলেন তিনি। তার মতে, ‘আমার মনে হয় না রেফারির ওপর রিয়ালের কোনও প্রভাব ছিল। অফিসিয়ালস যারা ছিলেন তারা সঠিক ছিলেন না।’

এই অবস্থায় ভিডিও প্রযুক্তির পক্ষেই কথা বলেছেন বায়ার্ন কোচ, ‘আমি কখনই ভিডিও প্রযুক্তির পক্ষে ছিলাম না। কিন্তু এই অবস্থায় মনে হচ্ছে যে এটা প্রয়োজন।’

চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ তারকা রোনালদোর হ্যাটট্রিকে দ্বিতীয় লেগে রিয়াল জিতেছে ৪-২ গোলে। দুই লেগে ৬-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

/এফআইআর/