ঘরের মাঠে খেলা বলে শুরু থেকেই আগ্রাসী ছিল চেলসি। ২৩ মিনিটেই ডিয়েগো কস্তার গোলে স্কোর শিটে না লেখায় ব্লুজরা। ফাব্রেগাসের পাসে গোলটি করেন তিনি। ৩৪ মিনিটে স্কোর ২-০ করেন স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো। যদিও তার শটটি মিডলসবরোর গোলরক্ষক ব্র্যাড গুজানের গায়ে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন মাতিচ। এই জয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় ক্লাব হিসেবে তিনশো গোলের মাইলফলক ছুঁয়েছে চেলসি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৭) ও আর্সেনাল (৩০৬) সেই গোল পূরণ করে।
এদিকে জয় পাওয়ার পর তৃপ্তি ঝরেছে চেলসি কোচ কন্তের কণ্ঠে, ‘আমরা তৃপ্ত। আর আমাদের পারফরম্যান্সও ছিল সেরা। তিন পয়েন্টের জন্য আমার শিষ্যরা তাদের কথা রেখেছে, সেই অনুযায়ী কাজ করেছে।’
শুক্রবার ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে চেলসির। ৩৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কন্তের শিষ্যরা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে টটেনহ্যাম।
/এফআইআর/