এদগার্দো বাউসাকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে আর্জেন্টিনা। প্রথম থেকেই তাদের পছন্দের তালিকার শুরুতে ছিলেন সাম্পাওলি। এএফএ’র নতুন সভাপতি ক্লাউদিও তাপিয়া নিশ্চিত করেছিলেন, সাম্পাওলিকে আনতে তারা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করবে। সেই চেষ্টাটা সফল হতে চলেছে। সেভিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘সেভিয়া ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনার কোচ হওয়ার ব্যাপারে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। প্রাথমিক ও প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে, তার স্বাক্ষর সামনের ১ জুনের মধ্যে অবশ্যই করতে হবে।’ চুক্তিতে দুপক্ষই সন্তুষ্ট বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
গত মৌসুমে সেভিয়াতে যোগ দেওয়া সাম্পাওলির বাইআউট ক্লজ ছিল ১.৫ মিলিয়ন ইউরো। ৫৭ বছর বয়সী সাম্পাওলিকে জাতীয় দলের কোচ করতে এএফএ’কে ঠিক কত খরচ করতে হচ্ছে, তা গোপন রেখেছে স্প্যানিশ ক্লাবটি। যদিও সেভিয়া সভাপতি হোসে কাস্ত্রো বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, সাম্পাওলির জন্য রিলিজ ক্লজের পুরো শর্তই পূরণ করতে হবে এএফএ’কে।
সেভিয়ার সব চাহিদা পূরণ হয়েছে বলেই তারা সাম্পাওলিকে ছাড়তে রাজি হয়েছে। এখন কেবল তার আর্জেন্টিনার কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা বাকি। ‘ইএসপিএন’-এর খবর অনুযায়ী ঘোষণা আসছে ১ জুন। ইএসপিএন
/কেআর/