ইনস্টাগ্রামে বার্সেলোনার ফরোয়ার্ড মেসি লিখেছেন, ‘আমাদের ভালোবাসার শহর বার্সেলোনায় এ সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাই। যে কোনও ধরনের সহিংসতার বিরুদ্ধে আমি।’ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আশা না হারানোর ডাক দিলেন, ‘আমরা আশা হারাচ্ছি না। আমাদের অনেকেই শান্তির পৃথিবীতে বসবাস করতে চাই, কোনও ঘৃণা ছাড়াই। যে পৃথিবীতে শ্রদ্ধা ও সহিষ্ণুতা আমাদের অস্তিত্ব ধরে রাখে সেখানে থাকতে চাই।’
সম্প্রতি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়া নেইমার ভুলে যাননি শহরবাসীর কথা। ব্যথিত ব্রাজিলিয়ান লিখেছেন, ‘খুব কষ্ট পেয়েছি। বার্সেলোনার এ ঘটনায় আমি শোকার্ত। তাদের পরিবারের প্রতি সমবেদনা।’
স্প্যানিশ সুপার কাপে আগের রাতে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জেতা রিয়াল মাদ্রিদও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। রোনালদোর সঙ্গে গ্যারেথ বেল, সের্হিয়ো রামোস, মার্কো আসেনসিও ও দানি কারভাহাল শোকাহত।
রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, ‘বার্সেলোনা শহরে এমন নিন্দনীয় হামলার ঘটনায় রিয়াল মাদ্রিদ গভীরভাবে ব্যথিত। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। যারা আহত হয়েছে, একই সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
শুধু শোক-সমবেদনা প্রকাশেই সীমাবদ্ধ থাকছে না বার্সেলোনা। রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে ন্যু ক্যাম্পে কালো আর্মব্যান্ড পরে নামবে খেলোয়াড়রা। নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে ক্লাবের পতাকা থাকবে অর্ধনমিত। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দলের খেলোয়াড়রা। জানা গেছে লা লিগার প্রথম রাউন্ডের সব দলই এক মিনিট নীরবতা পালন করবে।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘আমাদের শহরের প্রাণকেন্দ্র লা রাম্বলা ডি বার্সেলোনায় এ সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে গভীর সমবেদনা প্রকাশ করছি নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি। আমরা তাদের পাশে থাকব।’ ইএসপিএনএফসি
/এফএইচএম/