৬ জয় ও ১ ড্রয়ে ম্যানইউর পয়েন্ট ১৯। ম্যানসিটি ৩ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে। অবশ্য হারানো এক নম্বর জায়গা ফিরে পেতে চেলসির বিপক্ষে শনিবার রাতেই মাঠে নামছে পেপ গার্দিওলার দল।
গত সপ্তাহে সিএসকেএ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের খেলায় তার ছাপ দেখা গেছে পুরোপুরি। মাত্র ৩ মিনিটে হুয়ান মাতা ম্যানইউকে এগিয়ে দেন। মারোনে ফেলাইনির ৩৫ মিনিটের গোলে তারা বিরতিতে যায় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে আরও একটি গোল ৪৯ মিনিটে। এবারও গোল করেন ফেলাইনি। ৮৬ মিনিটে গোলদাতার খাতায় নাম লিখেছেন রোমেলু লুকাকু। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে কমপক্ষে চারবার করে বল জড়ানোর কৃতিত্ব দেখালো ম্যানইউ।
এদিন সন্ধ্যায় জিতেছে টটেনহ্যামও। হ্যারি কেনের জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনকে ৪-০ গোলে হারায় স্পাররা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে তারা।
২০১৬ সালের চ্যাম্পিয়ন লিস্টার সিটি গোলশূন্য ড্র করেছে এএফসি বোর্নমাউথের সঙ্গে। স্টোকসিটি ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ওয়েস্ট ব্রুমউইচ আলবিওনকে ২-২ গোলে ড্র করে রুখে দিয়েছে ওয়াটফোর্ড। সোয়ানসি সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে ওয়েস্ট হাম ইউনাইটেড। ইএসপিএনএফসি