নেইমারের জোড়া গোলে বিধ্বস্ত বোর্দো

গোলের পর উচ্ছ্বসিত নেইমারমঁপেইর বিপক্ষে আগের লিগ ওয়ান ম্যাচে ছিলেন না নেইমার। লিগে টানা ৬ ম্যাচ জেতার পর ঠিক ওইদিনই গোলশূন্য ড্র করেছিল ব্রাজিলিয়ান তারকার দল প্যারিস সেন্ত জার্মেই। শনিবার বোর্দোর বিপক্ষে ফিরলেন তিনি। তার ফেরার ম্যাচে বিধ্বস্ত হলো প্রতিপক্ষ। নেইমারের জোড়া গোলে বোর্দোকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি।

মেসি-রোনালদোর সঙ্গে এ বছর ফিফা বর্ষসেরার দৌড়ে থাকা ব্রাজিলিয়ান তারকা মাত্র ৫ মিনিটে দলকে এগিয়ে দেন। ৩০ গজ দূর থেকে ফ্রিকিকে নেওয়া নেইমারের বাঁকানো শট ঢুকে যায় বোর্দোর জালে। এরপর আবারও তিনি প্রমাণ করলেন এদিনসন কাভানির সঙ্গে সব ঝামেলা চুকে গেছে। ১২ মিনিটে উরুগুয়ান স্ট্রাইকারকে দিয়ে দলের দ্বিতীয় গোল করান বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড। প্রতিপক্ষকে আর কোনও সুযোগ না দিয়ে ২১ মিনিটে তৃতীয় গোল পায় পিএসজি। ইউরির ক্রস থেকে ডানপায়ের শটে বোর্দোর জালে বল জড়ান থমাস মুনিয়ের।

তিন গোল খেয়ে ৩১ মিনিটে ইউনুস স্যাঙ্কার একটি গোল শোধ দিলে বোর্দোর ম্যাচে ফেরার সম্ভাবনা জাগে। তবে কিছুক্ষণ পরেই তাদের ঘুরে দাঁড়ানো বৃথা করে দেন নেইমার। বোর্দো ডিবক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। বিরতিতে যাওয়ার কয়েক মুহূর্ত আগে কিলিয়ান এমবাপের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে পিএসজির পঞ্চম গোল করেন হুলিয়ান ড্র্যাক্সলার। ৫৮ মিনিটে এই ড্রাক্সলার গোল বানিয়ে দেন এমবাপেকে।

বড় ব্যবধানে জয়ের পথে নেইমারের জন্য আফসোস হয়ে থাকবে ৭৮ মিনিট। মাত্র কয়েক ইঞ্চির জন্য গোলপোস্টের পাশ দিয়ে বল চলে যায়। নষ্ট হয় হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ।

খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আরও একটি সান্ত্বনাসূচক গোল পায় বোর্দো। পিএসজির ডিবক্সে কাফুকে ফাউল করেন মুনিয়ের। ম্যালকম করেন পেনাল্টি গোল।

এ জয়ে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকলো পিএসজি। তাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে মোনাকো। ইএসপিএনএফসি