বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। জয়ের পথে ফেরার মিশনে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের গোলের জন্য। ২০তম মিনিটে সাদা-কালোদের এগিয়ে নেন স্যামসন। ওই গোলের লিড নিয়েই বিরতিতে যায় মোহামেডান।
বিরতি থেকে ঘুরে এসেও আক্রমণ চালিয়েছে তারা আরামবাগের রক্ষণে। ৬৫ মিনিটে তার ফলও পায়, যখন নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলকে ২-০ গোলে এগিয়ে নেন স্যামসন।
গোল শোধে মরিয়া আরামবাগ চেষ্টা চালিয়ে গেছে খুব। ৮৪ মিনিটে তারা সফলও হয় শাহরিয়ার বাপ্পি জাল খুঁজে পেলে। তাতে ড্র করে মাঠ ছাড়ার একটা সম্ভাবনা তৈরি করেছিল আরামবাগ। কিন্তু তাদের সব স্বপ্ন দূর দিগন্তে মিলিয়ে যায় দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কিংসলে চিগোজির লক্ষ্যভেদে, নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
দুর্দান্ত এই জয়ে ৯ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে গেছে তালিকার ষষ্ঠ স্থানে। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আরামবাগ।