‘মেসি-দিবালার একসঙ্গে খেলাটা ঝুঁকিপূর্ণ’

মেসির সঙ্গে দিবালাকিছুদিন আগে এক সংবাদমাধ্যমে লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেছিলেন পাউলো দিবালা। জুভেন্টাসের জার্সিতে প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসানো এই আর্জেন্টাইন বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে খেলাটা উপভোগ করলেও একই পজিশনে খেলা কঠিন হয়ে যায় তার জন্য। আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিও মানছেন কথাটা। তার মতে, মেসি-দিবালাকে একসঙ্গে খেলানোটা ঝুঁকিপূর্ণ।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর। ঘরের মাঠের এই ম্যাচটি জিততে না পারলে রাশিয়া বিশ্বকাপে খেলাটার স্বপ্ন শেষও হয়ে যেতে পারে তাদের। পেরুর বিপক্ষে ম্যাচ নিয়ে তাই দুশ্চিন্তায় আছেন সাম্পাওলি। দলে মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় ও দিবালার মতো প্রতিভাবান খেলোয়াড় থাকা স্বত্বেও গোটা বাছাইপর্বে আর্জেন্টিনা দিতে পেরেছে মাত্র ১৬ গোল। একসঙ্গে খুব বেশি সময় খেলতে না পারাটাকে এটার বড় কারণ হিসেবে মনে করেন সাম্পাওলি। তাছাড়া দুজনের পজিশন একই হওয়ায় খেলাটা আরও কঠিন হয়ে যায় মেসি-দিবালার জন্য।

পেরুর বিপক্ষে মাঠে নামার আগে সাম্পাওলি বলেছেন, ‘মেসি ও দিবালার মাঠের সম্পর্ক নিয়ে কাজ করার খুব একটা সময় নেই। এটা নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। ওদের একসঙ্গে খেলানোটা ঝুঁকিপূর্ণ।’ মেসির পজিশনেই খেলেন বলে নিজের খেলা খুব কঠিন হয়ে যায় বলে জুভেন্টাস ফরোয়ার্ড যে মন্তব্য করেছিলেন, তার সঙ্গে পুরোপুরি একমত সাম্পাওলি, ‘দিবালার কথাতে আমি খারাপ কিছু দেখি না। সে বলেছে মেসির সঙ্গে খেলতে তার ভালো লাগে, কিন্তু ও নিজের জায়গায় খুঁজে পায় না।’ কথাটা শেষ করেই আবার বললেন, ‘লিওর (মেসি) স্বাভাবিকভাবে মাঠে নড়াচড়া করাটা দরকার, যেমনটা সে ক্লাবে করে থাকে। ওর জন্য যেটা ভালো হবে, সেটা আমাকেই বের করতে হবে।’ গোল ডটকম