দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি। মোনাকো থেকে এক বছরের জন্য ধারে কাইলিয়ান এমবাপেকে দলে ভিড়িয়েছে কেনার শর্ত রেখে। যাতে গত গ্রীষ্মের দলবদলে মোটা অঙ্কের টাকা খরচ হয় পিএসজির। এ জন্য ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তদন্ত করছে তাদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে। ফরাসি ক্রীড়া দৈনিক ‘লা পারিসেন’-এর খবর, এফএফপি ঠিক রাখতে কাভানিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে প্যারিসের ক্লাবটি। উরুগুইয়ান স্ট্রাইকারের জন্য ৮০ মিলিয়ন ইউরোর যে প্রস্তাব তারা পেয়েছে, তাতে সন্তুষ্ট।
কাভানিকে বিক্রি করে দিলে এফএফপির শর্ত পূরণ হয়ে যাবে বলে মনে করছে পিএসজি। উরুগুইয়ান তারকা চলে গেলে তার জায়গা পূরণে উনাই এমেরির দল আনতে চায় সানচেসকে। আর্সেনালের এই উইঙ্গারের ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে। তাই সামনের মৌসুমে তাকে কোনও ফি ছাড়াই আনতে পারবে তারা।
পিএসজি অবশ্য এবারের গ্রীষ্মের দলবদলেই আনার চেষ্টা করেছিল সানচেসকে। দলবদলে ঠিক কত টাকা প্রস্তাব করেছিল আর্সেনালকে, সেটা অবশ্য জানা যায়নি। আগ্রহটা এখনও আছে পিএসজির। তবে চিলিয়ান উইঙ্গারকে পেতে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াই করতে হবে তাদের। ইংলিশ ক্লাবটিও নাকি চায় সানচেসকে। মার্কা