পেরুর বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণাত্মক কৌশল

পেরুর ম্যাচের আগে আর্জেন্টিনার অনুশীলনদেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। বিশ্বসেরা সব খেলোয়াড় নিয়ে গড়া দলের কিনা বিশ্বকাপ খেলা পড়ে গেছে সংশয়ে। আশা বাঁচিয়ে রাখতে হলে পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় ভোরের ম্যাচটি জেতা ছাড়া কোনও পথ খোলা নেই আলবিসেলেস্তেদের। বাঁচা-মরার এই লড়াইয়ে আক্রমণাত্মক ফুটবলের ছক কষছেন কোচ হোর্হে সাম্পাওলি। পেরুর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের পুরোটা সময় আর্জেন্টিনা আক্রমণ চালাবে বলে জানিয়েছেন তিনি।

যে দলে লিওনেল মেসি, গনসালো হিগুয়েইন, সের্হিয়ো আগুয়েরো ও পাউলো দিবালার মতো গোল মেশিনরা আছেন, তারা কিনা বিশ্বকাপ বাছাইয়ের ১৬ ম্যাচে করতে পেরেছে মাত্র ১৬ গোল! আক্রমণভাগের ব্যর্থতা এই পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে উঠে। সাম্পাওলির অবশ্য পেছনের দিকে তাকানোর সুযোগ নেই একেবারেই। তার ভাবনায় শুধুই পেরুর বিপক্ষে জয়। বুয়েনস এইরেসের ম্যাচের পরিকল্পনায় তাই শুধুই আক্রমণ।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে খেলার কৌশল জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘কাল (বাংলাদেশ সময় শুক্রবার) আমরা নিজেদের সবটা দিতে নামছি। আমার খেলার ধরনটা হবে গোটা সময় আক্রমণ চালানো এবং প্রতিপক্ষের অর্ধে গিয়ে সবসময় খেলা।’ খেলোয়াড়দের ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এই ম্যাচের গুরুত্ব, ‘ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে হলে এই ম্যাচটা অবশ্যই জিততে হবে আমাদের।’

বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় কোচ হিসেবে সাম্পাওলি দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার। জেরার্দো ‘তাতা’ মার্তিনোর সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনা বরখাস্ত করে এদগার্দো বাউসাকে। এরপরই তারা দায়িত্ব তুলে দিয়েছে সাম্পাওলির হাতে। চিলির সাবেক এই কোচ অবশ্য দায়িত্ব নেওয়ার পর জয় এনে দিতে পারেননি আলবিসেলেস্তেদের। দায়িত্ব নেওয়ার পর দুই ম্যাচ করেছেন ড্র। পেরুর বিপক্ষে ম্যাচটি ড্র করলে কিন্তু চলবে না আর্জেন্টিনার! গোল ডটকম