লা পাজ জেতা হলো না ব্রাজিলের

নেইমার পারেননি ব্রাজিলকে জেতাতেস্তাদিও হের্নান্দো সিলেস। ফুটবল বিশ্বের জন্য কঠিন এক পরীক্ষায় জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উপরের লা পাজ শহরের এই স্টেডিয়ামে স্বাভাবিক ফুটবল খেলাটা সবসময়ই কঠিন প্রতিপক্ষ দলগুলোর জন্য। স্বাগতিক বলিভিয়া ঘরের মাঠের এই কন্ডিশনের সুবিধা নিয়ে ঘায়েল করার চেষ্টায় থাকে সবসময়। লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের মিশন ছিল সেই লা পাজে। যে পরীক্ষায় জেতা হয়নি সেলেসাওদের, বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে নেইমাররা।

বল পজেশন কিংবা আক্রমণ, সব দিক থেকেই এগিয়ে ছিল ব্রাজিল। কেবল গোলের দেখাটাই পায়নি তিতের দল। বলিভিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার টানা দ্বিতীয় ড্রয়ের মুখ দেখল তারা। তাতে অবশ্য ব্রাজিলের কোনও ক্ষতি হয়নি, কারণ ইতিমধ্যে লাতিন আমেরিকা থেকে প্রথম ও একমাত্র দল হিসেবে ব্রাজিল কেটেছে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট।

তাছাড়া লা পাজ থেকে ড্র করে ফেরাটাও ব্রাজিলের জন্য কম অর্জন নয়। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও কম সুযোগ তো তৈরি করেনি তিতের দল। নেইমার-গাব্রিয়েল হেসুসদের আক্রমণাত্মক ফুটবলে একের পর এক সুযোগ তৈরি করেছে তারা। যদিও বলিভিয়া গোলরক্ষকের বাধার দেয়াল টপকাতে পারেননি। স্বাগতিক গোলরক্ষক কার্লোস লামপের অসাধারণ পারফরম্যান্সে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে স্বাগতিকরা।

প্রথমার্ধে অন্তত চারটি ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল এগিয়ে যাওয়ার। এক নেইমারই গোল বঞ্চিত হয়েছেন তিনবার। প্রত্যেকবারই তাকে হতাশ করেছেন লামপে। ২৫তম মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া পিএসজি ফরোয়ার্ডের শট প্রতিহত করেন বলিভিয়ান গোলরক্ষক। খানিক পর আরেকবার হতাশ করেন নেইমারকে। তবে বিরতিতে যাওয়ার আগের হতাশাটা সাবেক বার্সেলোনা তারকার সবচেয়ে বেশি। গোলরক্ষককে এবার ফাঁকি দিলেও বলিভিয়ার এক ডিফেন্ডারের অসাধারণ সেভে গোলের দেখা পাননি দলবদলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

গোল মিস ও লামপের অতিমানবীয় সেভের প্রদর্শনী চলেছে দ্বিতীয়ার্ধেও । যাতে চমৎকার ফুটবল খেলেও বলিভিয়ার রক্ষণদুর্গ ভাঙা হয়নি তিতের দলে। তাই লা পাজ থেকে গোলশূন্য ড্র করে ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।