২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। পার্ক দে প্রিন্সেসে নাম লেখানোর পর থেকে আলো ছড়াচ্ছেন তিনি। নিজে গোল করছেন, সঙ্গে করাচ্ছেন সতীর্থদের দিয়ে। মার্শেইয়ের বিপক্ষে এই সপ্তাহান্তের ম্যাচে তার কাছে ভক্তদের প্রত্যাশা থাকবে আরও বেশি। চ্যাম্পিয়নস লিগে অ্যান্ডারলেখটের বিপক্ষে সবশেষ ম্যাচেও লক্ষ্যভেদ করেছেন তিনি।
ফরাসি ফুটবলে ‘ক্লাসিকো’ হিসেবে বিবেচনা করা হয় পিএসজির বিপক্ষে মার্শেইয়ের ম্যাচকে। বার্সেলোনায় কাটানো সময়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা হলেই জ্বলে উঠতেন এই ফরোয়ার্ড। ফ্রান্সে এসে নেইমার যখন ওই ধরনের ম্যাচে নামার অপেক্ষায়, তখন সংবাদ সম্মেলনে এমেরির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নেইমার কি পিএসজির মেসি হতে পারবেন? উত্তরটা পিএসজি কোচ দিয়েছেন এভাবে, ‘সতীর্থ ও আমাদের খেলার ধাঁচের সঙ্গে মানিয়ে নিতে ওর সময় দরকার। ওর দিকে প্রতিপক্ষের যে আগ্রাসী দিকটা আছে, সেটা ওকে সামলাতে হবে।’
পিএসজিতে মানিয়ে নিতে তাকে সব ধরনের সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন এমেরি, ‘সে নেইমার। এই দলে তার সেরাটা বের করে নিয়ে আসতে আমরা সব ধরনের সাহায্য করব। আমরা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তার খেলার উন্নতির চেষ্টা করছি।’ গোল ডটকম