এমবাপেকে কেনার ব্যাপারে বার্সা কোচের ‘না’

কাইলিয়ান এমবাপেনেইমারের বার্সেলোনা ছাড়ার খবর শোনার পর কাইলিয়ান এমবাপে খুব করে চেয়েছিলেন ন্যু ক্যাম্পে যেতে। আর কেউ নয়, ফরাসি ফরোয়ার্ডের এজেন্টই জানিয়েছেন খবরটি। যদিও এমবাপের ইচ্ছাটা পূরণ হয়নি। ধারে প্যারিস সেন্ত জার্মেইয়ে নাম লেখানো ১৮ বছর বয়সী এই ফরাসিকে কেনার আগ্রহ ছিল না বার্সেলোনার। এতদিন পর কথাটা নতুন করে ওঠায় কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভারদে আরও স্পষ্ট করে জানিয়ে দিলেন, এমবাপেকে কিনতো না বার্সেলোনা।

নেইমার ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার পর তার জায়গা পূরণে অনেকেই নামই শোনা গেছে। তবে এমবাপের নিজেরই ইচ্ছা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জায়গা নেওয়ার। যদিও হয়নি তা। এ বছরের মে’তে বার্সেলোনার দায়িত্ব নেওয়া ভালভারদে তার ব্যাপারে জানিয়েছেন, ফরাসি ফরোয়ার্ডকে বার্সেলোনা কিনতো না। সংবাদ সম্মেলনে এমবাপেকে কেনার প্রসঙ্গ উঠলে ভালভারদের বক্তব্যটা ছিল এমন, ‘জানি না আপনি কী বলছেন। অনেক খেলোয়াড়ের ব্যাপারেই তো কথা হয়েছে। তবে আমি যতটুকু জানি, আমরা তাকে কিনতাম না।’

শেষ পর্যন্ত নেইমারের জায়গা পূরণ করেছে বার্সেলোনা উসমান দেম্বেলেকে দলে ভিড়িয়ে। বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ন্যু ক্যাম্পে নাম লিখিয়েছেন তিনি ১০৫ মিলিয়ন ইউরোতে। আপাতত দলবদলের বাজারে নজর নেই ভালভারদের। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়েই কাজ করতে চান, ‘অবশ্যই আপনার সবসময় দলবদলের বাজারের দিকে নজর থাকতে হবে। তবে আমার ব্যাপারটা হলো, আমি ইতিমধ্যেই দলে যারা আছে, সেই সব খেলোয়াড়কে নিয়ে কাজ করতে চাই।’ গোল ডটকম