গত দুই ম্যাচে একটি করে ড্র ও হার দেখেছিল ম্যানইউ। লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্রর পর গত সপ্তাহে হাডার্সফিল্ড টাউনে বিস্ময়করভাবে ২-১ গোলে হেরে যায় হোসে মরিনহোর শিষ্যরা। শনিবার স্পারদের বিপক্ষে তাদের লড়াইটা ছিল এককভাবে দ্বিতীয় স্থান দখলে নেওয়ার।
দুই দলই সমান ২০ পয়েন্ট নিয়ে মুখোমুখি হয়েছিল। শীর্ষস্থান থেকে তাদের দূরত্ব ছিল ৫ পয়েন্টের, সেখানে মৌসুমের সপ্তম জয় নিয়ে এক নম্বর দল ম্যানসিটির সঙ্গে নগরপ্রতিদ্বন্দ্বীরা ব্যবধান কমায় ২ পয়েন্টে। কিন্তু পরের ম্যাচেই ম্যানসিটি জিতে আবার ব্যবধান ৫ পয়েন্টে বাড়িয়ে নেয়।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে ইংলিশ কারাবাও কাপে সর্বশেষ ম্যাচে হেরে গিয়েছিল টটেনহ্যাম। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তাদের প্রাণভোমরা হ্যারি কেন। কোচ মরিসিও পচেত্তিনো বুঝতেই পেরেছিলেন তার জন্য কঠিন একটি সপ্তাহ পার করতে হবে এবার। কেনের শূন্যতা ভালোভাবে টের পেয়েছে টটেনহ্যাম। অবশ্য বল দখলেই হোক, আর গোলমুখে শট নেওয়ায়- তুলনামূলকভাবে এগিয়ে ছিল তারাই। কিন্তু গোলপোস্টের দিকে ৪টি শট নিয়েও তারা পারেনি লক্ষ্যভেদ করতে।
বরং লক্ষ্যে নেওয়া তৃতীয় শটে গোল পায় ম্যানইউ। ৭০ মিনিটে মার্কুস রাশফোর্ডের বদলি নামার ১১ মিনিট পর গোল পান মার্শাল। ৮১ মিনিটে রোমেলু লুকাকুর তুলে দেওয়া বল পায়ে নিয়ে তিনি পরাস্ত করেন স্পার গোলরক্ষক হুগো লরিসকে। আর ওই গোলে ভালো খেলেও হার মানতে হয় টটেনহ্যামকে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট থাকলো ২০, আর ম্যানইউর ২৩। গোল ডটকম