বার্সেলোনায় সুয়ারেসের সবচেয়ে বাজে সময়

সুয়ারেসগোলমেশিন বলা হয় তাকে। প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ান যিনি সবসময়, সেই লুই সুয়ারেস এবারের মৌসুমে বিবর্ণ। গোলের দেখা নেই, খেলাতেও নেই ছন্দ। হঠাৎ কী হলো উরুগুইয়ান স্ট্রাইকারের?

প্রশ্নটা বার্সেলোনার সব সমর্থকদের মনে আসাটা অস্বাভাবিক নয়। আগের তিন মৌসুমে যিনি বার্সেলোনার জার্সিতে গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তার ফর্মহীনতা ভাবানোরই কথা। ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর এমন কঠিন সময় সুয়ারেস পার করেননি কখনও। অলিম্পিয়াকোসের বিপক্ষে সুযোগের পর সুযোগ তৈরি করে গেলেন, কিন্তু সফল হয়নি একবারও। যাতে আরেকটি হতাশার রাত কাটাতে হয়েছে উরুগুইয়ান স্ট্রাইকারকে।

গ্রিক ক্লাবটির রক্ষণে সাতবার আক্রমণ চালিয়েছে সুয়ারেস। যার মধ্যে চারটি অফ টার্গেটের সঙ্গে তিনটি শট তার প্রতিহত হয়েছে। অন্তত দুটি সুযোগ ছিল, যেখান থেকে লক্ষ্যভেদ করতে পারতেন সাবেক লিভারপুল তারকা। আরেকটি সুযোগ নষ্ট করেছেন ‘স্বার্থহীন’ মনোভাবের কারণে। লিওনেল মেসিকে বল না দিয়ে নিজে শটটা নিলে গোল পেতেও পারতেন হয়তো।

আত্মবিশ্বাস ফিরে পেতে গোল পাওয়াটা ভীষণ জরুরি সুয়ারেসের। মৌসুমের এখন পর্যন্ত ১৩ ম্যাচে তার নামের পাশে মাত্র ৩ গোল! আরও হতাশাজনক পরিসংখ্যান হলো চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচ খেললেও এখন পর্যন্ত জাল খুঁজে পাননি সুয়ারেস।

২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর কাতালানদের হয়ে অভিষেক হতে দুই মাস অপেক্ষা করতে হয়েছিল বিশ্বকাপের কামড়-কাণ্ডে নিষিদ্ধ হওয়ায়। এরপরও ২০১৪-১৫ মৌসুমে ৪৩ ম্যাচে ২৫ গোল করেছিলেন সুয়ারেস। পরের মৌসুমে ছাড়িয়ে যান নিজের আগের সব সাফল্যকে, ২০১৫-১৬ মৌসুমে ৫৩ ম্যাচে করেছিলেন ৫৯ গোল। আর গত মৌসুমে ৫১ ম্যাচে করেন ৩৭ গোল। আগের এই পরিসংখ্যানের সঙ্গে মেলানো যাচ্ছে না চলতি মৌসুমের হিসাব।

১৩ ম্যাচে ৩ গোল, সুয়ারেসের নামের পাশে বড্ড বেমানান! গোল ডটকম