‘গুগলে খুঁজুন, আমার সব গোল দেখতে পাবেন’

রোনালদোর চোখেমুখে রাজ্যের হতাশাগত বছর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে এবার খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্লাবের সঙ্গে ছায়া হয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদোও। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১২ ম্যাচ খেলে মাত্র ৮ গোল তার। এই সুযোগ হাতছাড়া করছে না সমালোচকরাও। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে রিয়াল চ্যাম্পিয়নস লিগে ৩-১ গোলে হারের পর তার সমালোচনার মাত্রা হয়েছে তীব্র। ম্যাচ শেষে তাদের একহাত নিলেন ফিফার টানা দুইবারের বর্ষসেরা।

লা লিগায় ৬ ম্যাচ খেলে রোনালদো পেয়েছেন কেবল এক গোল, আর শীর্ষ ইউরোপিয়ান মঞ্চে ৪ ম্যাচে তার গোল ৬টি। ওয়েম্বলিতে টটেনহ্যামের বিপক্ষে গোলপোস্টের দিকে পাঁচটি শট নিয়ে গোল করেছেন কেবল একটি। এই মৌসুমে তার সুযোগ নষ্টের দৃশ্য চোখে সয়ে গেছে। তবে গোল খরা ভাবাচ্ছে না ৩২ বছর বয়সী ফরোয়ার্ডকে। বরং সমালোচকদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বলছেন তিনি।

ওয়েম্বলির ম্যাচের পর গোলমুখের সামনে তার সমস্যা নিয়ে কথা ওঠায় তার জবাব, ‘আমি অনেক শান্ত আছি।’ এরপর স্পষ্টবাদী রোনালদো বলেছেন, ‘এখন ভালো পারফরম্যান্স আপনারা আর মূল্যায়ন করে না। এখন শুধু ভাবা হয় গোল, গোল আর গোল।’

এই মৌসুমে গোল না পাওয়ার বিষয়টি মনে করিয়ে দিলে পর্তুগিজ তারকার ঠোঁটকাটা জবাব, “আমার গোলের পরিসংখ্যান? আমি ওসব নিয়ে কথা বলতে যাচ্ছি না। আপনারা গুগলে যান, ‘ক্রিস্তিয়ানো রোনালদো গোল’ লিখে খুঁজুন। সেখানে পাবেন, সব গোল দেখতে পাবেন। (পরিসংখ্যান) আমাকে উদ্বিগ্ন করে না।’

চ্যাম্পিয়নস লিগে গোল করলেন রোনালদো, কিন্তু হেরে গেলো দল- এমন ঘটনা গত বুধবার ঘটলো ষষ্ঠবার। এদিকে স্পারদের বিপক্ষে টানা ১৭ ম্যাচ অজেয় থাকার পর হারের মুখ দেখলেন পর্তুগিজ ফরোয়ার্ড।