‘এল ক্লাসিকো’তে ফিরতে পারেন দেম্বেলে

উসমান দেম্বেলেনেইমারের জায়গা পূরণে তাকে নিয়ে আসা হলো ন্যু ক্যাম্পে। যদিও নিজেকে প্রমাণ করার আগেই উসমান দেম্বেলেকে ছিটকে যেতে হয় মাঠ থেকে। হাঁটুর চোটে এমনকি ফরাসি ফরোয়ার্ডকে যেতে হয় ছুরি-কাচির নিচে। সেপ্টেম্বরের ওই চোটের পর স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর ছিল, জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না দেম্বেলে। যদিও সেরে ওঠার প্রক্রিয়ায় আশার খবরই হয়তো শুনতে যাচ্ছে বার্সেলোনা। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’ ছেপেছে, ডিসেম্বরের ‘এল ক্লাসিকো’তে ফিরতে পারেন দেম্বেলে।

সেপ্টেম্বরে গেতাফের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান দেম্বেলে। ১০৫ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় নাম লেখানো এই ফরোয়ার্ডের চোট থেকে সেরে ওঠার যে প্রক্রিয়া, তাতে জানুয়ারির আগেই মাঠে ফিরতে পারেন বলে খবর ‘মার্কা’র। ২৩ ডিসেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই বার্সেলোনার, এই মহারণ দিয়ে মাঠে ফিরতে পারেন ২০ বছর বয়সী তারকা।

যদিও ঝুঁকিটা এরনেস্তো ভালভারদে নেবেন কিনা, সেই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। এমনিতেই অনেকটা সময় দেম্বেলেকে পায়নি কাতালানরা, এর ওপর আবার তাড়াহুড়ো করতে গিয়ে যাতে ধাক্কা না খেতে হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে বার্সেলোনার। কেননা মৌসুমের দ্বিতীয়ার্ধটা সবসময় গুরুত্বপূর্ণ।

তাছাড়া ২৩ ডিসেম্বরেরর ‘এল ক্লাসিকো’র আগে বার্সেলোনার ওপর হয়তো চাপটাও খুব একটা থাকবে না। লা লিগার পয়েন্ট টেবিলের যা অবস্থা, সেটা ধরে রাখতে পারলে রিয়ালের বিপক্ষে চাপহীনভাবে নামতে পারবে ভালভারদের দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এই মুহূর্তে ৮ পয়েন্টে এগিয়ে কাতালানরা। তাই দেম্বেলেকে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়োতে যাওয়ার কথা নয় বার্সেলোনার। মার্কা