অনুশীলনে বার্সেলোনা১২ ম্যাচ শেষে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু রিয়াল মাদ্রিদ নয়, ভ্যালেন্সিয়া। রবিবার রাত পৌনে দুইটায় মুখোমুখি হচ্ছে দুই শীর্ষ দল, খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। এই লড়াইয়ে বার্সেলোনার লক্ষ্য থাকবে পয়েন্ট ব্যবধান ৭ এ বাড়িয়ে নেওয়ার। আর ক্লাব ইতিহাসে রেকর্ড টানা ৮টি জয়ের পর এই ম্যাচের আয়োজক ভ্যালেন্সিয়া চিন্তা করছে কাতালান জায়ান্টদের হারিয়ে দেওয়ার। কঠিন পরীক্ষার মঞ্চ তারা সাজিয়ে রেখেছে বার্সেলোনার জন্য।
গত লিগ মৌসুমে দুইবারের দেখাতেই জিতেছিল বার্সেলোনা। অবশ্য মেস্তায়ায় কঠিন পরীক্ষা দিয়ে জিততে হয়েছিল তাদের। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ৩-২ গোলে বার্সার জয় এসেছিল লিওনেল মেসির জোড়া গোলে। পরের দেখায় ন্যু ক্যাম্পে হারলেও কঠিন লড়াই করেছিল ভ্যালেন্সিয়া। কিন্তু এবারের কথা ভিন্ন। ১২ ম্যাচে একটিও হার নেই তাদের। বরং টানা জিতে চলেছে তারা। এখন বার্সার সঙ্গে তাদের দূরত্ব মাত্র ৪ পয়েন্টের।
উড়ছে ভ্যালেন্সিয়াএই ম্যাচ জিতলে বার্সার শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে বলে যারা ধারণা করছেন, তাদের উদ্দেশ্যে কোচ এর্নেস্তো ভালভারদে বলেছেন এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে তাদের। প্রথম মৌসুমেই বার্সেলোনাকে দারুণ শুরু এনে দেওয়া এই কোচ বলেছেন, ‘এই ম্যাচে যাই হোক না কেন, লা লিগায় এখনও অনেক দূর যেতে হবে।’ মেস্তায়ায় সফরটা কঠিন হতে যাচ্ছে স্বীকার করলেন ভালভারদে, ‘ভ্যালেন্সিয়া যে ফর্মে আছে, তাতে করে বড় একটা ম্যাচ হচ্ছে বলা যায়। যদি আমরা জিতি, গাণিতিকভাবে এটাকে লা লিগায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আবারও বলছি, মৌসুম কেবল শুরু হয়েছে। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে।’ গোল ডটকম