নেইমারের বিদায়ের ভালো দিকও দেখছেন মেসি

813683100গত আগস্টে নতুন চ্যালেঞ্জের খোঁজে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে যান নেইমার। বন্ধুর চলে যাওয়ায় শুরুতে কষ্ট পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ব্রাজিলিয়ান ফরাসি ক্লাবে যোগ দেওয়ায় এখন বেশ ইতিবাচক আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লুই সুয়ারেস, মেসি ও নেইমারে সজ্জিত বার্সেলোনার আক্রমণ তিন বছরে জিতেছে ৯টি শিরোপা। তিনজন মিলে গোল করেছেন ৩৬৪টি। কিন্তু ব্রাজিলিয়ান তারকা যাওয়ার পর নতুন কোচ এর্নেস্তো ভালভারদে রক্ষণে ও মিডফিল্ডে চোখ রেখে নতুন করে সাজিয়েছেন বার্সেলোনাকে। গত ১৯ ম্যাচে বার্সা গোল খেয়েছে মাত্র ৬টি।

ভালভারদের নতুন পদ্ধতিকে সমর্থন দিয়ে মেসি বলেছেন, ‘নেইমারের প্রস্থান আমাদের খেলার কৌশল পাল্টে দিয়েছে।’ জার্মান ম্যাগাজিন কিকারকে তিনি বলেন, ‘আমরা আক্রমণে কিছুটা শক্তি হারিয়েছি। কিন্তু রক্ষণে আগের চেয়ে অনেক সংগঠিত হয়েছি। আমাদের মাঝমাঠ এখন আরও বেশি সুশৃঙ্খল এবং ভারসাম্যপূর্ণ। রক্ষণের দিক দিয়ে এটা আমাদের শক্তিশালী করে তুলেছে।’ ইএসপিএনএফসি