বিশ্বকাপ ড্র নিয়ে চিন্তিত নন রোনালদো

ronaldo২০১৪ বিশ্বকাপে পর্তুগালকে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। ‘জি’ গ্রুপে জার্মানি ও যুক্তরাষ্ট্রের পেছনে থাকায় ক্রিস্তিয়ানো রোনালদোদের বিদায় ঘণ্টা বেজে যায় আগেভাগে। আজ (শুক্রবার) যখন রাশিয়ার স্টেট ক্রেমলিন প্যালেসে হতে যাচ্ছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র, তখন পর্তুগালের প্রতিপক্ষ নিয়ে কিছুটা হলেও চিন্তিত থাকার কথা। যদিও রোনালদো ড্র নিয়ে ভাবছেনই না। প্রতিপক্ষ যেই হোক, জয়টাই তার একমাত্র লক্ষ্য।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপে বাছাইয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে রাশিয়ার মূল পর্ব নিশ্চিত করে পর্তুগাল। র‌্যাংকিংয়ে উপরের দিকে থাকায় ইউরোপ চ্যাম্পিয়নরা রয়েছে ‘পট ১’-এ। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড়িয়ে যেতে পারে স্পেন কিংবা ইংল্যান্ডের বিপক্ষেও। একই মহাদেশের দুই দল একই গ্রুপে থাকতে পারবে না, এবারের ড্র’তে এই নিয়ম থাকলেও ইউরোপের বেলায় বিষয়টি আলাদা। সর্বোচ্চ দুটো ইউরোপিয়ান দেশ থাকতে পারবে একই গ্রুপে। তাই স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও আছে পর্তুগিজদের।

রোনালদো অবশ্য প্রতিপক্ষদের নিয়ে একেবারেই ভাবছেন না। ‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে ‘নির্ভার’ রোনালদোকেই খুঁজে পাওয়া গেল, ‘আমি নিশ্চিন্ত মনে আছি। যদিও কিছু দল আছে, যারা অন্যদের চেয়ে অনেক শক্তিশালী। আমার মনে হয় প্রত্যেকটা গ্রুপ ভারসাম্যপূর্ণ হবে। যদিও আমি শান্ত আছি, কারণ যখন সময় আসবে, তখন এমনিতেই প্রস্তুত হয়ে যাবে দল।’

প্রতিপক্ষকে নিয়েও তার কোনও দুশ্চিন্তা নেই, ‘ড্রতে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন, আমার জিতব।’ ২০১৬ সালের ইউরো জয়ই সম্ভবত রোনালদোকে আত্মবিশ্বাস জোগাচ্ছে বিশ্বকাপ মঞ্চে। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সেবারই ফুটবল থেকে প্রথম কোনও বড় শিরোপা জিতেছিল পর্তুগাল। ফিফা ডটকম