‘রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়তে চায় পিএসজি’

77143-dqgmxypbsr-1513916410চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রেকর্ডসংখ্যক গোল করে শেষ ষোলোতে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। টানা হ্যাটট্রিক শিরোপার মিশনে থাকা স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে মাঠে নামার আগে পূর্ণ আত্মবিশ্বাস নেইমার-কাভানিদের মনে। রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়তে চায় তারা।

কাতারে শীতকালীন সফর করতে দোহায় পৌঁছেছে পিএসজি। সেখানে এক সংবাদ সম্মেলনে রিয়ালের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে খেলার বিশ্বাস জানালেন নেইমার।

পিএসজির হয়ে এই প্রথমবার রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছেন নেইমার। পরিসংখ্যান তাদের পক্ষে না থাকলেও গ্রুপ পর্বের পারফরম্যান্স আত্মবিশ্বাসী করে তুলছে ফরাসি জায়ান্টদের।

নেইমার শোনালেন সেই কথাই, ‘আমরা ইতিহাস গড়তে চাই। রিয়ালকে বিদায় করতে সম্ভাব্য সব করবো। জানি এটা কঠিন খেলা হবে। রিয়ালের খেলোয়াড়রা অনেক বছর ধরে একসঙ্গে।’ ব্রাজিলিয়ান তারকা আরও যোগ করেছেন, ‘তারা টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য লড়ছে। কিন্তু আমার বিশ্বাস, আমরা তাদের হারাতে পারবো।’

পিএসজি ও রিয়ালের প্রথম লেগের লড়াই হবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি।